চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম বর্ষের ছাত্র আহমেদ আল জোবায়ের (১৯) গতকাল শুক্রবার কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান। গতকাল সন্ধ্যা নাগাদ তাঁর সন্ধান পাওয়া যায়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন।ক্যাম্পাস সূত্র জানায়, নিখোঁজ জোবায়েরের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি এলাকায়। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এই বছর চুয়েটের যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হন। পরিবারের তিন ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন ফর পিস’-এর আয়োজনে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী বনভোজনের জন্য রাঙামাটির সুবলংয়ের উদ্দেশে যাত্রা করেন। পানিপথে রাঙামাটি থেকে সুবলং যাওয়ার পথে গতকাল দুপুর ১২টায় কাপ্তাই হ্রদের মাস্টারপাড়া এলাকায় জোবায়ের চলন্ত ইঞ্জিনচালিত নৌকা থেকে জোবায়ের পা পিছলে পানিতে পড়ে তলিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সাঁতার না জানার কারণে দ্রুত সময়ের মধ্যে জোবায়ের পানিতে তলিয়ে যান। পরে বেলা দুইটার দিকে স্থানীয় উদ্ধারকর্মীদের তল্লাশি শুরু হয়। কিন্তু লাশ পাওয়া যায়নি। তল্লাশি অভিযানে নৌবাহিনীর ডুবুরিরা অংশ নেন। গতকাল সন্ধ্যা নাগাদ তাঁর লাশ পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক কাজী দেলোওয়ার হোসেন ও পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. মঈনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান।