মধ্যবর্তী নির্বাচনের জন্য সরকারকে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, হয় নির্বাচন, নইলে আন্দোলন। গতকাল সোমবার রাতে বিএনপির গুলশানের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়া সরকারের প্রতি এ হুঁশিয়ারি জানান। এ সময় আন্দোলনের অংশ হিসেবে উপজেলা নির্বাচনের পর জেলা সফরে বের হওয়ার ঘোষণা দেন তিনি।
সরকারকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘ভয়টয় দেখিয়ে কাজ হবে না। যদি মনে করেন বন্দুক দিয়ে মানুষ মেরে ক্ষমতায় থাকবেন, তার ফলাফল খারাপ হবে। তাই বন্দুক ছেড়ে আলোচনায় বসুন।’ তিনি বলেন, সরকারের উচিত হবে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। কেবল দেশের মানুষ নয়, সারা বিশ্বও বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলে আসছে।
খালেদা জিয়া বলেন, পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলে ভোটকেন্দ্র দখল করে জোর করে বিজয় ছিনিয়ে নিচ্ছে। আত্মতৃপ্তির কোনো কারণ নেই, ক্ষমতাসীনেরা জোর না করলে ৪৮০ উপজেলার মধ্যে ১০০টাও পাবে না।
এর আগে জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাপার সাধারণ সম্পাদক সুলতানুল ফেরদৌস চৌধুরীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ঠাকুরগাঁও জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।