হয় নির্বাচন, নইলে আন্দোলন: খালেদা জিয়া
মধ্যবর্তী নির্বাচনের জন্য সরকারকে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়াপারসন খালেদা জিয়া। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, হয় নির্বাচন, নইলে আন্দোলন।
আজ সোমবার রাতে বিএনপির গুলশানে কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়া এই আহ্বান সরকারে প্রতি এ হুঁশিয়ারি জানান। এ সময় আন্দোলনের অংশ হিসেবে উপজেলা নির্বাচনের পর জেলা সফরে বের হওয়ার ঘোষণা দেন তিনি।
সরকারকে উদ্দেশ করে বিএনপির চেয়াপারসন বলেন, ‘ভয়-টয় দেখিয়ে কাজ হবে না। যদি মনে করেন, বন্দুক দিয়ে মানুষ মেরে ক্ষমতায় থাকবেন, তার ফলাফল খারাপ হবে। তাই বন্দুক ছেড়ে আলোচনায় বসুন।’ তিনি বলেন, সরকারের উচিত্ হবে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। কেবল দেশের মানুষ নয়, সারা বিশ্বও বাংলাদেশে একটি সব দলের অংশগ্রহণের নির্বাচনের কথা বলে আসছে।
খালেদা জিয়া বলেন, ‘সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। ৫ জানুয়ারি তাদের মানুষ ভোট দেয়নি। সরকারকে বলব, আপনারা যদি এভাবে ক্ষমতা দখল করে থাকেন, জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে।’
বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরোধিতা করে বিএনপি চেয়ারপারসন বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট আওয়ামী লীগের লোকজনকে দেওয়া হয়েছে। এই প্রকল্পে সরকারের বিশাল অংকের ভুর্তকি দিচ্ছে। সেই ভতুর্কির অর্থ তুলে আনতে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।
উপজেলা নির্বাচনে ক্ষমতাসীনদের ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপারে সিল মারার ঘটনা তুলে ধরে খালেদা জিয়া বলেন, পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলে ভোট কেন্দ্র দখল করে জোর করে বিজয় ছিনিয়ে নিচ্ছে। আত্মতৃপ্তির কোনো কারণ নেই, ক্ষমতাসীনরা জোর না করলে ৪৮০ উপজেলার মধ্যে ১০০ টাও পাবে না।
এর আগে জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা জাপার সাধারণ সম্পাদক সুলতানুল ফেরদৌস চৌধুরীর নেতৃত্বে অর্ধ শতাধিক নেতা-কর্মী খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের স্বাগত জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘সরকার জুলুম নির্যাতন করে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। এতে কোনো লাভ হবে না। বিএনপিকে দেশের মানুষ নিরাপদ এক স্থান মনে করে বলেই প্রতিদিন এই দলের লোকজন যোগ দিচ্ছে।’
যোগদান অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ঠাকুরগাঁও জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।