হয় নৌকা, না হয় সাঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকা নাসিরাবাদ ও বেরাইদ। এখানকার মানুষ এখনো বাঁশের সঁাকো দিয়ে চলাচল করে। বর্ষায় যখন সাঁকো অচল, লোকে তখন নৌকায় চড়ে l ছবি: প্রথম আলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকা নাসিরাবাদ ও বেরাইদ। এখানকার মানুষ এখনো বাঁশের সঁাকো দিয়ে চলাচল করে। বর্ষায় যখন সাঁকো অচল, লোকে তখন নৌকায় চড়ে l ছবি: প্রথম আলো

চারদিকে পানি। কোনো রাস্তা নেই। তার ভেতরে ছোট ছোট দ্বীপের মতো গাছগাছালি ঘেরা ঘরবাড়ি। এরই ফাঁকফোকর দিয়ে ছোট-বড় অসংখ্য বাঁশের সাঁকো। দু-একটা স্থায়ী নৌকার ঘাট। কোথাও বাড়ির সীমানায় বাঁধা ছোট ডিঙি। তবে সেই পানি স্বচ্ছ নয়, কালো কুচকুচে। ময়লা, আবর্জনা এবং কলকারখানার বিষাক্ত রাসায়নিকে পানি পচে গিয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। স্বস্তিতে বুক ভরে নিশ্বাস নেওয়া যায় না। এই চিত্র নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের।
বছরের অধিকাংশ সময় পানি থাকে নাসিরাবাদের গ্রামগুলোতে। তখন বাঁশের সাঁকো আর নৌকাই এলাকাবাসীর যাতায়াতের ভরসা। নৌকা চলে ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি। নৌকায় নদ পার হয়ে ত্রিমোহনীতে আসতে হয়। নৌকায় ভাড়া দুই থেকে পাঁচ টাকা। মাঝি ইসমাইল মোল্লা বলেন, ‘সারা দিনে ২০ থেকে ২৫টা টিপ মারি। হেই টেহায় সংসার চলে।’ নাসিরাবাদ গুদারাঘাটে প্রায় ৩০টি নৌকা আছে বলে তিনি জানান।
ফকিরখালী, ইদারকান্দি, বালুরপাড়, বাবুর জায়গা, দাসেরকান্দি, গৌড়নগর, নাসিরাবাদ, নাগদারপাড়, শেখের জায়গা ও ত্রিমোহনী—এই ১০ গ্রাম নিয়ে নাসিরাবাদ ইউনিয়ন। সম্প্রতি এই ইউনিয়ন পরিষদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। উন্নয়নের আশায় বুক বাঁধছে ইউনিয়নের বাসিন্দারা। প্রায় আট হাজার বর্গমাইল আয়তনের ইউনিয়নে জনসংখ্যা ৪০ হাজারের অধিক। এলাকার গ্রামগুলো আগে বেরাইদ ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল। পরে ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে নাসিরাবাদ ইউনিয়নকে আলাদাভাবে গঠন করা হয়। তবে আলাদা করার পর ৩০ বছরেও তেমন কোনো পরিবর্তন আসেনি ইউনিয়নটির।
এই ইউনিয়নে একটি মাত্র রাস্তা। সেটিও কাঁচা। আর কোনো রাস্তা নেই গ্রামের ভেতর। শুকনা মৌসুমে খেতের আইল দিয়ে চলাচল করে বাসিন্দারা। আর বর্ষায় একেকটি গ্রাম যেন একেকটি দ্বীপ। চারদিকে পানি আর পানি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও নাগরিক বলতে বিশেষ কিছু নেই। অনেক বছরেও হয়নি কোনো অবকাঠামো উন্নয়ন। ত্রিমোহনীতে নড়াই নদের ওপর সেতু পার হয়ে রাস্তার শুরু। শেষ হয়েছে ইটের ভাটায় গিয়ে। এরপরে হয় সাঁকো, না হয় নৌকা দিয়েই চলাচল করতে হয়। নাসিরাবাদ নতুন পাড়া মসজিদের ইমাম শামীম বলেন, ‘ভাই, কষ্টের কথা আর কী বলতাম। কোনো রাস্তা নাই। কষ্ট করে বাসের সাঁকো দিয়েই চলাচল করতে হয়।’
সরেজমিনে দেখা যায়, ত্রিমোহনী গুদারা (নৌকা) ঘাট থেকেই অবহেলিত গ্রামগুলোর শুরু। এই ঘাট থেকে বাঁশের সাঁকো শুরু। নদের দুপাশের বাসিন্দারা যাতায়াতের সুবিধায় নিজেরাই এসব সাঁকো তৈরি করেছে। একেকটি সাঁকো নির্মাণে ব্যয় হয়েছে প্রায় লাখ টাকা। নড়াই ও দেবধোলাই নদে বড় সাঁকো রয়েছে সাতটি। এ ছাড়া সাঁকো আছে অনেক। এ-বাড়ি থেকে ও-বাড়ি, এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে এই ছোট সাঁকোগুলো তৈরি করা।
রামপুরা থেকে পূর্ব দিকে গেলেই ত্রিমোহনী গুদারাঘাট। গুদারাঘাটে এলেই বোঝা যায় কতটা উন্নয়নবঞ্চিত এ ইউনিয়নের বাসিন্দারা। এখান থেকেই শুরু নাসিরাবাদের। কৃষিনির্ভর এই গ্রামের সবুজ-শ্যামল পরিবেশের আড়ালে আছে বহুকালের সমাধানহীন সমস্যা। দেবধোলাই খাল, নড়াই ও বালু নদবেষ্টিত এই এলাকার গ্রামগুলো হতে পারত প্রাকৃতিক সৌন্দর্যের আধার। পরিবেশ হতে পারত নির্মল। কিন্তু হয়েছে তার উল্টো।
নগরের শিল্পকারখানার বিষাক্ত অপরিশোধিত বর্জ্য রামপুরা খাল হয়ে নড়াই নদে মিশছে। পানি হয়ে গেছে দূষিত, বিষাক্ত। কালো কুচকুচে পচা পানির গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বছরে এক মৌসুম বোরো ধান আবাদ করেন এই এলাকার চাষিরা। বাকি সময় খালে-নদে পানি থাকে। তখন মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন এই এলাকার জনগণ। কিন্তু এখন আর মাছ পাওয়া যায় না।
দাসেরকান্দির বাসিন্দা বাবু চন্দ্র রাজবংশী ছিলেন জেলে। সারা বছর মাছ ধরতেন। এখনো মাছ ধরেন তবে খালবিলে নয়, পুকুরে। বিভিন্ন মহাজনের পুকুরে মাছ ধরে দেওয়াই এখন তাঁর কাজ। তিনি বলেন, ‘পানির কী অবস্থা, দেখছেন? মাছ থাকব কেমনে। পানির গন্ধে ডাঙায় আমরাই টিকবার পারি না। আর এই পানিতে মাছ থাকব কেমনে?’
নাসিরাবাদ ইউনিয়নের ফকিরখালী, ইদারকান্দি, বালুরপাড়, বাবুর জায়গা, দাসেরকান্দি, গৌড়নগর, নাসিরাবাদ ও নাগদারপাড় এলাকাবাসী সবচেয়ে বেশি বঞ্চিত। এখানে গ্যাস নেই। বিদ্যুৎ ও পানির তীব্র সংকট। চুলা জ্বলে লাকড়ির সাহায্যে।
এ বিষয়ে নাসিরাবাদ ইউনিয়নের দাসেরকান্দির ইউপি সদস্য সোলেমান রহমান প্রথম আলোকে বলেন, ‘নিজের এলাকার জন্য ১০ টাকার কাজও ইউনিয়ন থেকে পাইনি। খুব খারাপ অবস্থা। আমাদের কত সমস্যা কিন্তু এর বিপরীতে মানুষের জন্য গত পাঁচ বছরে কিছুই করতে পারলাম না। এ জন্য লজ্জা লাগে।’