হয়নি বলা যে কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে পরিচয়। তারপর শুরু যোগাযোগ। কিন্তু কথাবার্তা হলো না। সব লিখে লিখে। কারণ, দুজনেই বাক্প্রতিবন্ধী। ধীরে ধীরে যোগাযোগ গাঢ় হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অবশেষে তাঁরা দুজন আজ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন।

তাঁরা হলেন ফারিয়া খানম (২২) আর সিরাজ আহমদ (৩৫)। ফারিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় পিরিজপুর গ্রামের মুহিব উদ্দিনের মেয়ে। আর মুখলেছুর রহমানের ছেলে সিরাজের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল গ্রামে। সিরাজ বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন।

দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফারিয়ার সঙ্গে সিরাজের পরিচয় হয়। একসময় জানলেন, তাঁরা দুজনই কথা বলতে পারেন না।

এক মাস আগে যুক্তরাজ্য থেকে দেশে আসেন সিরাজ আহমদ। প্রথমবারের মতো দুজনের দেখা হয়। দেখা-সাক্ষাৎ হওয়ার পর সিরাজ তাঁর পরিবারকে বলেন, ফারিয়াকে তিনি বিয়ে করতে চান। তেমনি ফারিয়াও তাঁর পরিবারকে বিষয়টি জানান।