হয়রানি ও চাপের পেছনে রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম এক-এগারোর সময় গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য দিয়ে সংবাদ ছেপে অন্যায় করেননি। দীর্ঘদিন পরে ভুল স্বীকার করেছেন সাংবাদিকতার নীতি-নৈতিকতার প্রতি শ্রদ্ধা থেকে। এর প্রতিক্রিয়া হিসেবে মানহানি বা রাষ্ট্রদ্রোহ মামলা করা বাড়াবাড়ি। এসব হয়রানি ও চাপ প্রয়োগের সঙ্গে সাংবাদিকতা নয়, পেছনের কারণ রাজনীতি। সরকার ও গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় না করিয়ে সরকারের সুবিবেচনা প্রয়োগ করা উচিত, বিষয়টির এখানেই সমাপ্তি করা দরকার।
গতকাল শুক্রবার ব্যারিস্টার রফিক-উল হক, আইনজীবী শাহদীন মালিক, সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুলের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁদের মতামতের সারমর্ম হচ্ছে এটাই।
জাতীয় সংসদ থেকে ডেইলি স্টার বন্ধ ও সম্পাদক মাহ্ফুজ আনামকে গ্রেপ্তারের দাবি করেন কয়েকজন সাংসদ। সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ মানববন্ধন করে। এরপর মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে চারটি মানহানির মামলা হয়। সর্বশেষ তাঁর বিরুদ্ধে হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা। এরই পরিপ্রেক্ষিতে এই চার বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে প্রথম আলো।

ব্যারিস্টার রফিক-উল হক
ব্যারিস্টার রফিক-উল হক

ব্যারিস্টার রফিক-উল হক
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে যা হচ্ছে, সেটাকে আমি খুব খারাপ দৃষ্টান্ত হিসেবে দেখছি। এক-এগারোর সময় তিনি যে খবর পেয়েছেন, সেটা ছেপেছেন। ভুল হয়ে থাকলে ভুল হয়েছে। এখন সেই ভুল স্বীকার করেছেন। এরপর আর কী? এর মধ্যে কী এমন মহা অন্যায় হয়েছে? এর মধ্যে রাষ্ট্রদ্রোহিতার কী আছে? কীভাবে রাষ্ট্রদ্রোহিতা হয়? এটা আমার বুড়ো বয়সে মাথায় কুলাচ্ছে না। এটা খুব দুঃখের বিষয়, এর মানে হয় না।
সাংবাদিক খবর লিখলেই রাষ্ট্রদ্রোহী হয়ে গেল? কেউ কিছু বললেই যদি রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায়, তাহলে তো কিছু করা যাবে না, লেখা যাবে না।
আমার মনে হয়, ডেইলি স্টার গ্রুপকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করছেন না। অনেক আগে থেকেই হয়ে আসছে। এর জন্য এই চাপ হতে পারে।

আইনজীবী শাহদীন মালিক
আইনজীবী শাহদীন মালিক

আইনজীবী শাহদীন মালিক
যার মানহানি হয় তাকেই মানহানির মামলা করতে হয়। মাহ্ফুজ আনামের বিরুদ্ধে যে মানহানির মামলা হয়েছে, তা আইনগতভাবেই ভিত্তিহীন। আর মাহ্ফুজ আনামের বক্তব্যে কীভাবে রাষ্ট্রদ্রোহ হয়েছে, সেটাই বোঝা যাচ্ছে না। এগুলো আসলে কাল্পনিক অভিযোগ। এর কোনো আইনি ভিত্তি নেই। অতএব সম্পূর্ণ হয়রানিমূলকভাবে ও প্রতিহিংসাপরায়ণ হয়ে এসব মামলা করা হচ্ছে। এর পেছনে রাজনীতি রয়েছে। এগুলো বাক্স্বাধীনতা সীমিত করার চেষ্টা ছাড়া আর কিছুই না।
ফৌজদারি আইনের ১২৪/ক ধারায় বলা আছে, আইনসংগতভাবে স্থাপিত কোনো সরকারের বিরুদ্ধে বিদ্বেষ, ঘৃণা ও উসকানিমূলক বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে রাষ্ট্র বলে কোনো শব্দই নেই। এক-এগারোর পরের সরকারের আমলের ঘটনা নিয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। মাহ্ফুজ আনাম কি ওই সরকারের বিরুদ্ধে লিখেছিলেন বা বলেছেন? ওই সময় তো শেখ হাসিনার সরকার ছিল না।
আসলে মানুষ ভুল করতে পারে। এখন তো দেখা যাচ্ছে, ভুল স্বীকার করাই মহা অন্যায়।




সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ
সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ

সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ
যে দোষে মাহ্ফুজ আনামকে অভিযুক্ত করা হচ্ছে, সেটা সাংবাদিকতার কারণে নয়, মনে হচ্ছে বিষয়টি রাজনৈতিক। মাহ্ফুজ আনাম যে প্রতিবেদন ছেপেছিলেন, এর মধ্যে দেশদ্রোহিতার কী আছে, তা আমার বুদ্ধিতে আসে না। শেখ হাসিনা বা অন্য কারও ক্ষতি হয়ে থাকলে একই কাজ তো অন্য পত্রিকা ও টেলিভিশনও করেছে। শুধু তাঁকে লক্ষ্য করে এই হয়রানি ন্যায়সংগত না। এর ফলে সংবাদপত্রের স্বাধীনতা মুখ থুবড়ে পড়বে।
এক-এগারোর সময়ের বিষয় সামনে আনতে চাইলে একটা বিচার বিভাগীয় তদন্ত হোক। কারা কারা সেনা-সমর্থিত সরকারকে সমর্থন করেছিল। কারা এর সুবিধাভোগী ছিল, সেটাও বের করা হোক। তখন রাজনীতিক, ব্যবসায়ী ও সাংবাদিক—সবাই চিহ্নিত হবেন। এখন শুধু মাহ্ফুজ আনামকে লক্ষ্যবস্তু বানানো ঠিক না। এটা এখানেই শেষ হওয়া উচিত। আর তথ্যমন্ত্রী বলেছেন, মাহ্ফুজ আনাম সাহসী কাজ করেছেন। আমিও মনে করি, সাংবাদিকতার নীতি-নৈতিকতার প্রতি শ্রদ্ধা রেখে মাহ্ফুজ আনাম ভুল স্বীকার করেছেন। এর প্রতিক্রিয়া এভাবে হওয়া ঠিক হয়নি।
আমরা কোনো সময়ই আদর্শ পরিবেশে সাংবাদিকতা করতে পারি না। এক-এগারোর সময় যেসব খবর ছাপা হয়েছে, এখনো সে রকম খবর হচ্ছে। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি গণমাধ্যমে ছাপা হচ্ছে। সেখানে তো ভুক্তভোগী বা স্বীকারোক্তি দেওয়া ব্যক্তির বক্তব্য তাঁর কাছ থেকে যাচাই করার সুযোগ হচ্ছে না। রাষ্ট্রযন্ত্রের নানান অঙ্গ-গোষ্ঠী প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে।
মাহ্ফুজ আনাম একটি বহুল প্রচারিত পত্রিকার সম্পাদক। তাঁর ওপর চাপ প্রয়োগ করার ফলে অন্যদের কাছে একধরনের বার্তা যাচ্ছে। এর ফলে সেলফ সেন্সরশিপ হবে। এটা মুক্ত সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে। তথ্যমন্ত্রীর বক্তব্যের পর আর এগোনো ঠিক হবে না।

মনজুরুল আহসান বুলবুল
মনজুরুল আহসান বুলবুল

সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল
যে সংবাদ ছাপানোর কারণে বর্তমান প্রতিক্রিয়া হচ্ছে, তা ছাপানো সংবাদপত্র বা সাংবাদিকতায় ভুল না। কারণ, ওসামা বিন লাদেনের ভিডিও ধরেও সংবাদ প্রকাশ হয়। সে ক্ষেত্রে কোনো বাহিনীর কাছ থেকে প্রাপ্ত ভিডিও বা কাগজ ধরে সংবাদ প্রকাশ করা অন্যায় না। এটা ছাপানো উচিত কি উচিত না, সেটা সম্পাদকীয় নীতির বিষয়। এখানে আমি বলব, ডেইলি স্টার ও মাহ্ফুজ আনামের সম্পাদকীয় নীতি ঠিক ছিল না। কারণ, যে রাজনৈতিক নেতাদের বক্তব্য বা ভিডিও ধরে সংবাদ পরিবেশন করা হয়েছিল, সেগুলো তাঁরা একটা বিশেষ পরিবেশে বলেছিলেন। তাঁরা একটা বিশেষ পরিস্থিতির শিকার হয়েছিলেন। স্বাভাবিক পরিবেশে তাঁরা সেটা বলতেন কি না, সেটা বিবেচনায় নেওয়া যেত।
তবে মাহ্ফুজ আনাম ভুল স্বীকার করে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকতায় যতগুলো সৌন্দর্য আছে, এর মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে ভুল স্বীকার করা। এতে সাংবাদিকতার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায়। মাহ্ফুজ আনাম সম্পাদক হিসেবে ও সাংবাদিকতায় পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
মামলা যেগুলো হচ্ছে বা সংসদে যে বক্তব্য এসেছে, তা রাজনৈতিক প্রতিক্রিয়া। যেসব ব্যক্তি বা দল ক্ষুব্ধ হয়েছেন, তাঁরা প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে সংসদে যাঁর বক্তব্য তুলে ধরার সুযোগ নেই, তাঁকে নিয়ে এ ধরনের আলোচনা করা বিবেচনাপ্রসূত কি না, তা ভেবে দেখার জন্য স্পিকারকে অনুরোধ জানাব।
আমি মনে করি, সরকার পুরো বিষয়টা ধীরস্থির হয়ে চিন্তাপ্রসূতভাবে বিবেচনা করবে। সংবাদপত্র ও সাংবাদিকতা সরকারের সঙ্গে মুখোমুখি যেন না দাঁড় হয়ে পড়ে, সেটি খেয়াল রাখা উচিত। অতি অসহনশীলতা দেখানোর সুযোগ নেই। আমি মনে করি, সংবাদপত্র বার্তাবাহক। ডেইলি স্টার ম্যাসেঞ্জার হিসেবে সংবাদ ছেপেছে। আমরা সাংবাদিকতায় বলে থাকি ‘ডোন্ট কিল দ্য ম্যাসেঞ্জার’। যারা বার্তাটি তৈরি করেছে, যারা এটি সরবরাহ করেছে, তাদের ধরতে হবে। রাজনীতিবিদদের বক্তব্য দিতে এবং সংবাদপত্রকে ছাপাতে বাধ্য করার পরিস্থিতি কারা তৈরি করেছিল, তাদের চিহ্নিত করা উচিত। রাজনৈতিক মহল এখন বার্তাবাহকের দিকে তির ছুড়ছে। বার্তা কে তৈরি করেছে, সে দিকটিও বিবেচনায় নিতে হবে।
সবশেষে বলব, সাংবাদিক, সম্পাদক ও রাজনীতিক—সবারই এটা নিয়ে একাডেমিক আলোচনার সুযোগ এসেছে যে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে পড়লে কী করা উচিত। আমি মনে করি, সাংবাদিকতায় আংশিক স্বাধীনতা আছে। আর চাপ শুধু সরকার বা রাজনৈতিক চাপ নয়। এখানে মালিক-বিজ্ঞাপনদাতাদেরও প্রচ্ছন্ন চাপ থাকে। তবে মাহ্ফুজ আনাম ও ডেইলি স্টার-এর ঘটনার প্রভাব অন্য গণমাধ্যমে পড়বে বলে মনে হয় না।