নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করতে পুলিশ মামলার এজাহার ছিঁড়ে নতুন করে এজাহার লিখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা বিএনপির নেতারা।গতকাল বিকেলে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম শরিফুর রহমানের আদালতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের করা মামলার শুনানির পরপরই বিএনপির নেতারা এ সংবাদ সম্মেলন করেন।আদালতে গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জ পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ২১ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং শাহীনসহ চার আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া গ্রেপ্তার হওয়া অপর আসামি রাজু আহমেদের বয়স ১৬ হওয়ায় তাকে গাজীপুরে অবস্থিত শিশু-কিশোর পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, রোববার হরতাল পালনকালে বিএনপির নেতা-কর্মীদের বেপরোয়া লাঠিপেটা করে পুলিশ। এতে ২০ জন নেতা-কর্মী আহত হন। লাঠিপেটা থেকে সাংবাদিকেরাও বাদ পড়েননি। হয়রানির জন্য বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করে। এজাহারে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। রোববার বিকেলে মামলা হওয়ার পর গতকাল বিকেলে আসামিদের নারায়ণগঞ্জ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। কিন্তু নিয়ম অনুযায়ী মামলার ২২ ঘণ্টা পরও আদালতে এজাহার পাঠানো হয়নি। উল্টো এক আসামির রিমান্ড চাওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, একটি মামলা হয়েছে। নতুন করে কোনো এজাহার করা হয়নি। তবে গতকাল রাত পৌনে আটটার দিকে সদর মডেল থানার এসআই আমিনুল ইসলাম জানান, ভিডিওচিত্র দেখে গ্রেপ্তার হওয়া পাঁচজন ও আরও ২১ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত করে আদালতে এজাহার পাঠানো হয়েছে।