হয়রানি ছাড়া নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার নির্দেশ গভর্নরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো রকম হয়রানি ছাড়া নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণখেলাপি নেই, তবু তারা কেন ঋণ পেতে ভোগান্তির শিকার হয়? প্রশ্ন করেন তিনি।
চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ‘ক্রেডিট অ্যাকসেস ফর উইমেন এন্টারপ্রিনিয়ার্স-চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম উইমেন চেম্বার ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সহযোগিতা করে বাংলাদেশ ইনস্পায়ার্ড। নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ঋণ পেতে আপনারা ভোগান্তির শিকার হলে অভিযোগ দেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক। এতে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক তৌফিক আহমেদ।
১১ উদ্যোক্তাকে সম্মাননা: সেমিনারে ১১ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। এই ১১ জন হলেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, কুমিল্লার নূরজাহান আক্তার, চাঁদপুরের শামসুন নাহার রানী, ব্রাহ্মণবাড়িয়ার রোকসানা হক, ফেনীর জোহরা বেগম, খাগড়াছড়ির সুপ্তা চাকমা, লক্ষ্মীপুরের মমতাজ বেগম, নোয়াখালীর পপি রহমান, রাঙামাটির সুশীলা চাকমা, কক্সবাজারের জাহানারা বেগম ও বান্দরবানের শালি মেশু প্রু।