হয়রানি ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বলেছেন, হয়রানি ছাড়া বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এজন্য মেধা ও শ্রম ব্যয় করতে তিনি বিচারকদের প্রতি আহ্বান জানান।
আজ শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন মিলনায়তনে বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বার্ষিক ওই সম্মেলনের আয়োজন করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রধান বিচারপতি বলেন, তথ্যপ্রযুক্তির উন্নত ব্যবহারের ফলে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন। এর ফলে জনগণ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগ সম্পর্কে সম্যক ধারণা পোষণ করে। বিচার প্রদানের ক্ষেত্রে বিভ্রাট ঘটলে বিচারপ্রার্থী জনগণ বিচার বিভাগ সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পিছু হটে না। বিচার বিভাগকে এ রকম সমালোচনার ঊর্ধ্বে রাখতে নিয়মনিষ্ঠ, সত্ ও পরিশীলিত আচরণের অধিকারী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘বিচার বিভাগের সুসংবাদ আমাকে আনন্দিত করে। দুঃসংবাদ ব্যথিত করে।’ বিচার বিভাগের জন্য সম্মানহানিকর এমন কাজ থেকে বিরত থাকার জন্য তিনি বিচারকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিচারকদের সমাজের চোখে আদর্শবান হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে, যাতে কেউ বিরূপ মন্তব্য না করে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের সঞ্চালনায় সারা দেশের ২৫০জন বিচার বিভাগীয় কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন।