ভূমির মালিকদের হয়রানি ও বিড়ম্বনা দূর করতে চট্টগ্রামের চান্দগাঁও সার্কেলের ভূমি কার্যালয়ে ‘খোলা জানালা’ নামে নতুন এক কর্মসূচি চালু করা হয়েছে। প্রতি বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ষোলশহর এলাকার চান্দগাঁও সার্কেল কার্যালয়ে উপস্থিত হয়ে ভূমির মালিকেরা সহকারী কমিশনারের (ভূমি) কাছে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। সহকারী কমিশনার তাৎক্ষণিকভাবে ভূমির মালিকদের অভিযোগ নিষ্পত্তি করার চেষ্টা করবেন।
গতকাল বুধবার থেকে এ কর্মসূচি শুরু করা হয়েছে। চান্দগাঁও ভূমি সার্কেলের সহকারী কমিশনার মো. রুহুল আমীন বলেন, ভূমি কার্যালয়গুলো সম্পর্কে অনেকের মনে নানা ধরনের ভীতি রয়েছে। অনেক কার্যালয়ে মানুষ সেবা পেতে বিড়ম্বনার শিকার হন। অনেকে দালালের খপ্পরে পড়েন। এখন থেকে প্রতি বুধবার ভূমির মালিকেরা সশরীরে হাজির হয়ে সেবা-সংক্রান্ত যেকোনো সমস্যার কথা নির্ভয়ে বলতে পারবেন। যত দিন ভূমি অফিস থাকবে, তত দিন এ সেবা চালু থাকবে।
প্রথম দিনের ‘খোলা জানালা’ কর্মসূচিতে ১২ জন ভূমির মালিক তাঁদের নামজারি, খাজনা পরিশোধ, জমি নিয়ে মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সহকারী কমিশনার সেগুলো কাগজে লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
চান্দগাঁও সার্কেলের অধীনে ষোলশহর, চান্দগাঁও এবং কাট্টলী—এই তিনটি ভূমি কার্যালয় রয়েছে।