হয়রানি বন্ধে গণপরিবহন চলাচলের নীতিমালা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে যাত্রী হয়রানি ও নৈরাজ্য বন্ধে রাস্তায় গণপরিবহন চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম শাখার নেতারা। একই সঙ্গে তাঁরা হয়রানি বন্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয় ও থানায় হেল্পলাইন চালু, চালক ও মালিকদের ডেটাবেইস তৈরি, তাঁদের প্রশিক্ষণ, যাত্রী তদারকি কমিটি গঠনসহ আরও কিছু দাবি জানান।

আজ শনিবার এক বিবৃতিতে ক্যাব নেতারা এসব দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও চট্টগ্রামের বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু প্রমুখ।

বিবৃতিতে নেতারা বলেন, বাস, অটোরিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন গণপরিবহন শহরে কীভাবে চলবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরও কেউ সেটি মানছে না। সিএনজিচালিত অটোরিকশাগুলোর একটিও মিটারে চলাচল করছে না। ট্রাফিক বিভাগের এ বিষয়ে কোনো তদারকি নেই। রাস্তায় যেখানে-সেখানে অটোরিকশা, টেম্পো পার্ক করে যানজট তৈরি করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুই বছর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রাম নগরের লক্কড়-ঝক্কড় বাসগুলো তুলে নিয়ে নতুন বাস নামানোর অনুরোধ জানিয়েছিলেন মালিকদের। কিন্তু এরপর একটি নতুন বাসও নামানো হয়নি। নগরে কত বাস চলাচলের অনুমতি আছে, এর মধ্যে কয়টি চলাচল করে, এ বিষয়ে কোনো তথ্য ট্রাফিক বিভাগের কাছে পাওয়া যাবে কি না সন্দেহ। একবার নিয়মনীতি ছাড়া নগরে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক চালু করা হলো, আবার পরবর্তী সময়ে বিকল্প বাহনের ব্যবস্থা না করে সেগুলো বন্ধ করেও দেওয়া হলো। মাঝখানে সাধারণ যাত্রীরা চরম অসহায় অবস্থায় আছে।

নগরে কোন রুটে কতটি ও কী ধরনের গণপরিবহন চলবে এবং এর ভাড়া কত হবে, এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের বিকল্প নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়।