হয়রানি বন্ধের নির্দেশ প্রকল্প পরিচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ সব রকম হয়রানি বন্ধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের পরিচালক মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মধুসূদন সরকার।

দিনাজপুর পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী সাত দিনের মধ্যে জরুরি পাসপোর্ট করাতে ছয় হাজার এবং ১৫ দিনের মধ্যে সাধারণ পাসপোর্টের জন্য তিন হাজার টাকা ফি দিতে হয়। কিন্তু বাস্তবে আবেদনকারীরা শুধু সরকারনির্ধারিত ফি দিয়ে কখনোই পাসপোর্ট পান না। তা ছাড়া দালালদের দৌরাত্ম্য, আবেদন ফরম পূরণ করতে সামান্য ভুলভ্রান্তি, জেলা প্রশাসকের স্থানীয় উন্নয়ন তহবিল (এলআর) ইত্যাদি নানা অজুহাতে আবেদনকারীদের কাছ থেকে নির্ধারিত ফি ছাড়াও কমপক্ষে তিন হাজার টাকা বেশি নেওয়া হয়।

এমআরপি কার্যালয়ের সহকারী প্রকল্প কর্মকর্তা মেজর এ এস এম আশরাফুল আলম বলেন, কর্মকর্তা-কর্মচারী এবং দালালদের অপতৎপরতার বিষয়টি সরেজমিনে দেখতে রোববার সাদা পোশাকে তিনি দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যান। প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণের পর তিনি অভিযোগের সত্যতা পান। বিষয়গুলো তিনি তাৎক্ষণিকভাবে ঢাকায় প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ানকে মুঠোফোনে অবহিত করেন। এরপর তাঁর পরামর্শে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মধুসূদন সরকার, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ এবং সোনালী ব্যাংক দিনাজপুর শাখার উপমহাব্যবস্থাপকের সঙ্গে দেখা করে দিনাজপুর পাসপোর্ট কার্যালয়ের সব অনিয়ম বন্ধের দাবি জানান।

এ বিষয়ে আহমদ শামীম আল রাজী বলেন, পাসপোর্টের জন্য আবেদনকারীদের কাছ থেকে জেলা প্রশাসকের এলআর ফান্ডে টাকা গ্রহণ অনেক আগে থেকে চালু আছে। তিনি চাইলেও এটা বন্ধ করতে পারেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

মধুসূদন সরকার জানান, কার্যালয়ের ভেতরে অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই।দালালদের দৌরাত্ম্য সম্পর্কে তিনি বলেন, পাসপোর্ট কার্যালয়টি জেলা প্রশাসক কার্যালয় ভবনের পাশেই। ওই ভবনে অনেক মানুষ আসা-যাওয়া করে। এ জন্য দালালদের চিহ্নিত করা সম্ভব হয় না। তবে দালালদের ধরতে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।