হয়রানিমূলক বিবেচনায় আরও ৬৮ মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৬৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ-সংক্রান্ত জাতীয় কমিটি। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির ২৯তম সভায় এ সুপারিশ করা হয়।সভা শেষে এই কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ৩২০টির মতো মামলা সভায় উপস্থাপন করা হয়। এর মধ্যে ৬৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আর ৬৪টি মামলা পরবর্তী সভার জন্য রাখা হয়েছে।এক প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যাহারের জন্য সুপারিশ করা মামলাগুলোর মধ্যে আওয়ামী লীগের কোনো বড় নেতা বা ব্যবসায়ী নেই। এগুলো সাধারণ নেতা-কর্মীদের মামলা। আমরা মামলা প্রত্যাহারের সুপারিশ করি। চূড়ান্ত সিদ্ধান্ত নেন আদালত।’ কয়েক মাস পর গতকাল এ কমিটির সভা হলো।কামরুল ইসলাম বলেন, এ পর্যন্ত প্রায় ১১ হাজার মামলা কমিটিতে এসেছে। এর মধ্যে প্রায় সাত হাজার ১০০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এগুলোর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ৩১৫টি। তবে গতকাল সুপারিশ করা মামলাগুলোর মধ্যে দুদকের কোনো মামলা নেই। তিনি বলেন, আরও কম-বেশি ৩০০টি মামলা রয়েছে। আরেকটি সভায় এগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। চুলচেরা বিশ্লেষণ করে মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ছাড়াও কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।