হয়রানির অভিযোগ, কর্মসূচি ঘোষণা আম ব্যবসায়ীদের
চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে আজ বৃহস্পতিবার গাছ থেকে আম নামানো বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছেন ব্যবসায়ীরা৷ আমে ফরমালিন পরীক্ষার নামে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ এনে এ কর্মসূচি ঘোষণা করা হয়৷
গতকাল বুধবার শহরের চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করা হয়। জেলার আম ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতি৷ এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ৷ এ ছাড়া বক্তব্য দেন কানসাট আম ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, নবাবগঞ্জ আম ব্যবসায়ী বহুমুখী সমিতির সাধারণ সম্পাদক আসলাম আলী, রহনপুর আম আড়তদার সমিতির সভাপতি হুমায়ন কবির, গোমস্তাপুর উপজেলা আম চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি মাইনুল ইসলাম বিশ্বাস প্রমুখ৷
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১০ দিনে শুধু চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীদেরই কয়েক কোটি টাকার আম ধ্বংস করা হয়েছে। এত বড় অঙ্কের ক্ষতির পর ব্যবসায়ীরা চরম পুঁজির সংকটে পড়েছেন। এ অবস্থা চলতে থাকলে জেলার আম ব্যবসায়ীসহ অন্য ব্যবসায়ীরা হাজার কোটি টাকার লোকসানের মুখে পড়বেন৷ ধ্বংস হয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জের আম-বাণিজ্য৷ তাই কাল শুক্র ও আগামী শনিবারের মধ্যে আম পরিবহনের সময় আম নষ্ট, হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা না হলে রোববার চাঁপাইনবাবগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হবে৷
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গবেষকদের মতে, প্রাকৃতিকভাবেই আমে কিছু পরিমাণ ফরমালিন তৈরি হয়, যা কেমিক্যাল নয় এবং মানবদেহের কোনো ক্ষতিও করে না৷ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজার থেকে সংগৃহীত আম বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের গবেষণাগারে পরীক্ষার পর তাতে ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়নি। ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রকিবুল হাসান স্বাক্ষরিত একটি প্রতিবেদনের ফটোকপিও সাংবাদিকদের দেওয়া হয়৷
জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, ‘ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা গত ১৪-১৫ দিনে জেলার তিন-চার শ আড়তসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি৷ কোথাও আমে ফরমালিন পাওয়া যায়নি৷ তাই ব্যবসায়ীদের হয়রানিও করা হয়নি৷ অথচ ঢাকা বা অন্য জায়গার ঘটনার জন্য চাঁপাইনবাবগঞ্জে হরতাল ডাকা হলে সেটা দুঃখজনক ব্যাপার হবে৷’