হয়রানির অভিযোগে মানববন্ধন-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কালেরভিটা এলাকায় গতকাল বুধবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। একজনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে এ কর্মসূচি পালন করা হয়। এতে এক-দেড় শ লোক অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় কাউন্সিলর মো. আজহারুল ইসলাম মোল্লা, এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন প্রমুখ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে মঞ্জিল মাকসুদ চৌধুরী ওরফে মারুফ (৩৮) নামের একজন কালেরভিটা এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। এলাকার মানুষের সঙ্গে প্রতারণা, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপকর্ম করে দুই বছর আগে তিনি বাড়ি বিক্রি করে চলে যান। এলাকা ছেড়ে গেলেও বর্তমানে তিনি এলাকার মো. ফারুক মৃধাকে সঙ্গে নিয়ে মিথ্যা মামলা, হুমকি, চাঁদাবাজি, জমি দখলসহ নানাভাবে হয়রানি করছেন মানুষকে। এ ঘটনায় মঞ্জিল মাকসুদের নামে এ পর্যন্ত জয়দেবপুর ও কালিয়াকৈর থানায় ২৮টি সাধারণ ডায়েরি (জিডি) ও চারটি মামলা করেছেন এলাকাবাসী।
এলাকার বাসিন্দা মো. আবদুল জব্বার বলেন, ‘গত ৩ জুন সকালে মঞ্জিল মাকসুদসহ চার-পাঁচজন আমার বাড়ির পাশে আগে ভোগদখলীয় ৬৬ শতাংশ জমি দখলে নেওয়ার জন্য সামরিক বাহিনীর দুজন কর্মকর্তার নামে সাইনবোর্ড লাগান এবং বাড়িঘর নির্মাণের সামগ্রী জড়ো করেন। আমি বাধা দিলে আমাকে গালাগাল করে চলে যান তাঁরা। পরে মুঠোফোনে মঞ্জিল মাকসুদ আমার কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয়। এখন মঞ্জিল মাকসুদ বিভিন্ন নম্বর থেকে আমার মুঠোফোনে কল দিয়ে হুমকি দিচ্ছেন।’ একই ধরনের অভিযোগ করেন গ্রামের বাসিন্দা সাইজউদ্দিন সিরাজী, মালেক সরকার, জহির দেওয়ান।
কাউন্সিলর মো. আজহারুল ইসলাম মোল্লা বলেন, মঞ্জিল মাকসুদের বিরুদ্ধে ২৮টির বেশি জিডি ও চারটি মামলা হয়েছে। এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে সরকার ও পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করছে।
এ ব্যাপারে গতকাল কথা বলার চেষ্টা করেও মঞ্জিল মাকসুদ চৌধুরীকে পাওয়া যায়নি। তাঁর কয়েকটি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেগুলো বন্ধ পাওয়া যায়।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।