হয়রানির অভিযোগ
বগুড়ার ধুনটে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ঋণ বিতরণে হয়রানির অভিযোগ এনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ঋণদান কর্মসূচি চালু করেছেন। এ কর্মসূচির আওতায় তিনি ও তাঁর সহকর্মী মুক্তিযোদ্ধা গোলাম ওহাব, খবির উদ্দিন ও সামছুল হক গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সোনালী ব্যাংক ধুনট শাখায় দুই লাখ টাকা করে ঋণের জন্য আবেদন করেন। ওই আবেদনের পর ঋণ দিতে বিভিন্নভাবে টালবাহানা করছেন ব্যাংক কর্মকর্তারা। এ বিষয়ে সোনালী ব্যাংক ধুনট শাখার সিনিয়র কর্মকর্তা রশিদুল হাসান বলেন, ব্যাংকের ব্যবস্থাপক অসুস্থতার কারণে ছুটিতে আছেন। ঋণ কর্মসূচির কর্মকর্তাও বদলি হয়েছেন। এ কারণে ঋণ প্রদান বন্ধ রয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।