রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান অভিযোগ করেছেন, তাঁর বাড়িতে তল্লাশির নামে পরিবারের সদস্যদের হেনস্তা করা হয়েছে। তাঁর ছেলেকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরের বনরূপা এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।
১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান। নির্বাচনের পরের দিন বাঘাইছড়ি হাজীপাড়া গ্রামের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমানের বাড়ি সামনে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীসহ সাতজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়।
অভিযোগের বিষয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ বলেন, নির্বাচনের পরদিন সকালে পরাজিত প্রার্থীর বাড়ির সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের কাজে বাধা দেওয়াসহ নাশকতার চেষ্টা চালান ওই সাতজন।
এর আগে সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, ‘নির্বাচনের ফল যা হয়েছে, মেনে নিয়েছিলাম। কেবল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে আমাকে এবং আমার পরিবার ও সমর্থকদের ওপর অত্যাচার করা হচ্ছে। বিনা কারণে পুলিশ বাসায় ঢুকে পরিবারের নারী-পুরুষদের লাঞ্ছিত করবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তা কল্পনাও করিনি।’