হয়রানির আশঙ্কায় প্রতিবেশীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইলের যে ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজন খুন হয়েছেন, তার সামনের ফ্ল্যাটে থাকেন গৃহবধূ রহিমা খাতুন। ১৬ দিন আগে তিনি ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। যাঁরা খুন হয়েছেন, তাঁদের সঙ্গে তাঁর সখ্যও গড়ে ওঠেনি। পাশের ফ্ল্যাটে এমন ভয়ংকর ঘটনার পর তিনি একপ্রকার ভীত। ভীতির সঙ্গে যোগ হয়েছে অস্বস্তি।
গতকাল রোববার দুপুরে কথা হয় রহিমা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘নিজের বাসার পাশে এমন খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে আমরাও ভয়ে আছি। তবে তদন্তকারী ও সাংবাদিকদের বলতে হচ্ছে, আমি কোনো আওয়াজ পেয়েছিলাম কি না। এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে অসংখ্যবার। এ কারণে অস্বস্তিতে পড়ে গেছি। তবে এটাও ঠিক, তারা (পুলিশ-র্যাব) তো জানতেই চাইবে।’
গতকাল বেলা একটার দিকে ওই এলাকা থেকে নিহত তাসলিমার সঙ্গে কারখানায় কাজ করা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। তারপর থেকে প্রতিবেশী এবং ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। হয়রানির শিকার হতে হয় কি না, তা নিয়ে আশঙ্কা তাঁদের। যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, কারও হয়রানির আশঙ্কা নেই।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, পুলিশ প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কোনো কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে কারও হয়রানির আশঙ্কা নেই। ঘটনার প্রয়োজনে পুলিশ কাউকে কাউকে জিজ্ঞাসাবাদ করছে। কাউকে আটক বা গ্রেপ্তার করছে না।
এমন বক্তব্যেও পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না সেখানকার মানুষ। ঘটনাস্থল বাড়িটির পাশেই আশেক ভিলা। যাঁরা খুন হয়েছেন তাঁদের চেনেন কি না, দেখেছেন কি না, শনিবার কাউকে ওই বাসায় ঢুকতে দেখেছেন কি না, এমন অসংখ্য প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আশেক ভিলার বাসিন্দারা। ওই ভিলার একজন পুরুষ বাসিন্দা বলেন, ‘এলাকাটি ঘনবসতিপূর্ণ। ওই পরিবার তেমন কারও সঙ্গে মিশত না। আমরাও খেয়াল করিনি।’ তিনি বলেন, পুলিশি হয়রানি থেকে রক্ষা পেতে অনেকেই বাড়ির পুরুষদের অন্যত্র চলে যাওয়ার কথা বলেছেন। কিন্তু এতে সন্দেহ বাড়তে পারে বলে তিনি বাসাতেই থাকছেন।
ঢাকার কেরানীগঞ্জে ঝুট কাপড়ের ব্যবসা করেন গোলাম মাওলা। শনিবার তিনি ছিলেন বাবুরাইলের নিজ বাসায়। তিনি বলেন, পুলিশ অনেকের সঙ্গে কথা বললেও এখন পর্যন্ত তাঁদের এলাকার কাউকে হয়রানির শিকার হতে হয়নি।
কয়েকজন শিশুর সঙ্গে কথা বলেছেন পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা। ওই শিশুদের একজন বলল, ‘পুলিশ জানতে চেয়েছে যে ছেলেটা (শান্ত) মারা গেছে, তাকে চিনি কি না। আমি বলেছি চিনি না।’ সে বলল, ওই ছেলেটা (শান্ত) তাদের সঙ্গে খেলত না।
যে বাড়িতে খুনের ঘটনা ঘটেছে, সেই বাড়ির মালিক ইসমাইল হোসেন যুক্তরাষ্ট্রে থাকেন। সম্প্রতি দেশে বেড়াতে এসেছেন। তিনি বলেন, তিনিই প্রথম পুলিশকে খবর দেন। এর আগে নিহত লামিয়ার স্বামী তালা কেটে ভেতরে ঢুকতে চেয়েছিলেন। কয়েকবার পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। যেহেতু তাঁর বাড়িতে এমন একটি ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই তাঁকে নানা প্রশ্নের জবাব দিতে হচ্ছে।