সাতক্ষীরার কালীগঞ্জে চিংড়ি ঘেরের মালিক আওয়ামী লীগের কর্মী আবদুল লতিফ কারিকর হত্যা মামলায় হয়রানির জন্য আসামি করার প্রতিবাদে গত রোববার দুপুরে কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়েছে।ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম আবদুল মাজেদের সভাপতিত্বে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল ওয়াহেদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান প্রমুখ।বক্তারা বলেন, ১৯ মে সকালে কালীগঞ্জ উপজেলার নেংগি গ্রামে নিজের চিংড়ি ঘের থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুল লতিফের (৩৮) লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকার ৪০ জনকে আসামি করে নিহত লতিফের স্ত্রী ময়না বেগম কালীগঞ্জ থানায় মামলা করেন। আসামিদের অধিকাংশই স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী ও সমর্থক। গত রোববার আবদুল লতিফ কারিকরের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফরিদউদ্দিন জানান, নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয় দেখা হবে।