নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে একটি দরিদ্র পরিবারকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। ওই গ্রামের ক্যামেরার বাজারে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এতে ওই গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ক্যামেরার বাজারে ওই পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গ্রামের দিনমজুর আমিনুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন একই গ্রামের আবদুর রহমান। সর্বশেষ গত ১৬ জানুয়ারি আবদুর রহমান তাঁর মেয়ে মুক্তা আক্তারকে দিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর, মারধরসহ টাকা ছিনতাইয়ের মিথ্যা মামলা করেন থানায়।
গ্রামের জবেদ আলী (৬৫) বলেন, ২০১১ সালের ২৪ এপ্রিল মুক্তার সঙ্গে আমিনুরের ছেলে হাফিজুর রহমানের বিয়ে হয়। ২০১৪ সালের ২৭ অক্টোবর উভয় পক্ষের সম্মতিতে বিবাহবিচ্ছেদ ঘটে। সে সময় মুক্তার দাবিদাওয়া বুঝিয়ে দেন আমিনুর। এরপরও মুক্তা আদালতে নির্যাতন, যৌতুক দাবিসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা করেন। ওই দুই মামলায় সুবিধা করতে না পেরে পরে ১৬ জানুয়ারি থানায় আরও একটি মামলা করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক নরেন্দ্র নাথ রায়, কৃষক জবেদ আলী, নাদের হোসেন, আবদুর রহমান, শহর আলী প্রমুখ। তাঁরা ওই সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
এর আগে ক্যামেরার বাজারে বেলা সাড়ে ১১টায় তিন শতাধিক এলাকাবাসীর উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন হাফিজুরের বাবা-মা।
সংবাদ সম্মেলনে আমিনুর বলেন, ‘মুক্তার সঙ্গে আমার ছেলের বিবাহবিচ্ছেদের পর তাঁর (মুক্তা) দাবি অনুযায়ী আমি ৫০ হাজার টাকা পরিশোধ করি। কিন্তু বিবাহবিচ্ছেদের এক মাস পর ২০১৪ সালের ৩০ নভেম্বর মুক্তা আদালতে খোরপোশ ও মোহরানার দাবিতে মামলা করেন। ২০১৫ সালের ২৭ এপ্রিল মুক্তা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আরও একটি মামলা করেন। এ ছাড়া গত ১৬ জানুয়ারি আমার ছেলে, আমার স্ত্রী, আমিসহ পাঁচজনকে আসামি করে মুক্তা থানায় আরও একটি মামলা করেন। ওই মামলায় হাফিজুরের জামিন নামঞ্জুর করে আমাদের চারজনকে জামিন দেন আদালত। হাফিজুর ২০ দিন ধরে কারাগারে আছে।’
এ বিষয়ে কথা বলতে গতকাল দুপুরে আবদুর রহমানের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বর সংগ্রহ করতে চাইলে তিনি মুঠোফোন ব্যবহার করেন না বলে জানান প্রতিবেশীরা।
হাফিজুরের মা হাফেজা বেগম বলেন, ‘আমরা দিনমজুরি করে খাই। গ্রামের মানুষ সবাই জানেন আমরা দোষী না নির্দোষী। একের পর এক মিথ্যা মামলা করে আমাদের সর্বস্বান্ত করছে, আমরা কোথায় গেলে বিচার পাব?’
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশীদ বলেন, মামলাটির তদন্ত চলছে। শিগগিরই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।