হয়রানির ভয়ে গাংনীতে হাজার পুরুষ গ্রামছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া ও হেমায়েতপুরের প্রায় এক হাজার পুরুষ এখন গ্রামছাড়া। সম্প্রতি একটি হত্যাকাণ্ডের পর থেকে পুলিশি হয়রানি এড়াতে তাঁরা এলাকা ছেড়েছেন। হত্যাকাণ্ডের পর থেকে মানিকদিয়া গ্রামে ২০-২২টি বাড়িতে লুটপাট হয়েছে। এলাকাবাসী জানান, গত ২৪ আগস্ট মানিকদিয়া গ্রামের আওয়ামী লীগের নেতা আজিজুল হক ও ইসরাইল হোসেনকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আজিজুল গত ৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় এবং ইসরাইল সুস্থ হয়ে বাড়ি ফেরার দুই দিন পর মারা যান। এ ঘটনায় ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউনিয়ন বিএনপির সভাপতি) সাবদাল হোসেনসহ আটজনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে পুলিশ আসামিদের না পেয়ে নিরীহ পুরুষদের হয়রানি শুরু করলে ওই দুটি গ্রামের প্রায় এক হাজার পুরুষ গ্রাম ছেড়ে পালিয়ে যান। পুলিশ গত বুধবার রাতে মানিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে ১১ জন নারীকে আটক করে। তাঁদের মধ্যে একজনকে মারামারি মামলায় জেলহাজতে পাঠিয়েছে এবং বাকি ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুক্রবার পর্যন্ত থানা হাজতে আটকে রেখেছে। গত বুধবার মানিকদিয়া গ্রাম ঘুরে জানা গেছে, ৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গ্রামের গুটুলের বাড়ি থেকে দুটি, নজিরের বাড়ি থেকে তিনটি, মুনছার আলীর বাড়ি থেকে তিনটি, হারেজ মালিথার বাড়ি থেকে একটি, রহিদুলের বাড়ি থেকে একটি ও ইসমাইলের বাড়ি থেকে একটি গরু, আবুল হোসেন ও আলাউদ্দিনের বাড়ি থেকে দুটি করে ছাগল ও আনোয়ার হোসেনের বাড়ি থেকে দুটি মহিষ লুট হয়েছে। এ ছাড়াও মানিকদিয়া গ্রামের আবু তাহেরের একটি ফ্রিজ, একটি টেলিভিশন, ২০ মণ ধান; নুরুল ইসলামের বাড়ির আসবাব; আবদুল হান্নানের ফ্রিজ ও টেলিভিশন; সুলতান আলীর দোকানের মালামাল; রইচ উদ্দিনের পানের বরজ ও এক বিঘা জমির শস্য লুট হয়েছে। মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি দলীয় সাংসদ আমজাদ হোসেন বলেন, পুলিশ গ্রেপ্তার-বাণিজ্য ও আওয়ামী লীগের কর্মীরা লুটপাট শুরু করেছে। এ কারণে মানিকদিয়া ও পাশের হেমায়েতপুর গ্রামের বিএনপির সমর্থক সহস্রাধিক পুরুষ ভয়ে গ্রাম ছেড়েছেন।গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, হত্যা-পরবর্তী মানিকদিয়া গ্রামে যে লুটপাট হচ্ছে, তার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, লুটপাট ও গ্রেপ্তার-বাণিজ্য নিয়ে যতটা অভিযোগ আনা হচ্ছে, ঘটনা অতটা সত্য নয়। ভয়ে অনেকে বাড়ির মালামাল ও গবাদিপশু নিয়েই পালিয়েছেন। তিনি জানান, যেহেতু মামলার আসামিদের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি, তাই সন্ধান পেতে পুলিশ তাঁদের স্বজন নারীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হবে। তবে একজনকে মারামারি মামলায় জেলে পাঠানো হয়েছে।