হয়ে গেল এইচআর হাল্ক
মানবসম্পদ (এইচআর) ব্যবস্থাপনায় পারদর্শীর খোঁজে অনুষ্ঠিত হলো ইন্টার-ইউনিভার্সিটি প্রতিযোগিতা এইচআর হাল্ক-১৬। ৫ নভেম্বর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এইচআর বিষয়ক প্রতিযোগিতাটিতে অংশ নেন দেশসেরা ৫০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪৪ প্রতিযোগী। ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের অন্তর্ভুক্ত এইচআর ফোরামের আয়োজিত প্রতিযোগিতাটি সকাল ১০টায় শুরু হয় এবং শেষ হয় সন্ধ্যা ৭টায়।
দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রধান আকর্ষণ এইচআর প্রতিযোগিতা হলেও সঙ্গে অনুষ্ঠিত হয় তিনটি প্যানেল ডিসকাশনও। চারটি পর্বের এই প্রতিযোগিতায় অংশ নেয় তিনজনের মোট ৪৮টি দল এবং বিজয়ী শিক্ষার্থীদের জন্য ছিল এক লাখ টাকার পুরস্কার। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টভিত্তিক এই প্রতিযোগিতাটিতে বিচারকের দায়িত্বে এবং প্যানেল ডিসকাশনে অংশ নেন দেশের নামীদামি প্রতিষ্ঠানের সফল এইচআর ব্যক্তিরা।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ছাত্র ফারিয়াল আলম, দ্বিতীয় অবস্থানে ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ছাত্র ওয়াসিফ আবদুল্লাহ চৌধুরী এবং তৃতীয় অবস্থান লাভকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী মুজদালেফা আনজুম।
ইউআইইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম রিজওয়ান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল মো. আবদুল মবিন, চেয়ারম্যান ইউপিজিডি (ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নূর আলী, ইপিলিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াজউদ্দিন আল মামুন, ইউনিক হোটেল বন্ড রিসোর্টের পরিচালক চৌধুরী নাফিজ শরাফত ও হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার এ কে চৌধুরী।
প্রতিযোগিতার আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল অনলাইন ক্যারিয়ার পোর্টাল চাকরি ডটকম এবং প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি।