হয়ে গেল নেট ইমপ্যাক্টের তৃতীয় সেশন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করেছে নেট ইমপ্যাক্টের তৃতীয় অনলাইন সেশন। যেখানে কোভিড-১৯-এর ‘মহামারি পরিস্থিতিতে মননশীল নেতৃত্ব’ নিয়ে আলোচনা করা হয়েছে।
এই সেশনের বক্তা হিসেবে ছিলেন মিস বাংলাদেশ, মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড মেঘনা আলম এবং করপোরেট ব্যাংকিং ইন মাল্টিন্যাশনাল ব্যাংক, সহসভাপতি ও দলীয় প্রধান সম্পর্ক সমর্থক আশিক আলম। সেশনটি পরিচালনা করেছেন ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপের বিভাগীয় প্রধান কামরুজ্জামান দিদার।
গত বুধবার (১০ জুন) সেশনটি অনুষ্ঠিত হয়েছে। সেশনটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপের অফিশিয়াল পেজ এবং নেট ইমপ্যাক্টের পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে। যেখানে ড্যাফোডিল ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ছাত্রছাত্রী অংশ নিয়েছেন। সেশনটির মাধ্যমে শিক্ষার্থীরা কোভিড-১৯-এর এই মহামারি পরিস্থিতিতে নিজে এবং পারিপার্শ্বিক অবস্থায় কীভাবে নেতৃত্ব দিতে হবে, তা যথাযথভাবে শিখেছে। শুধু কোভিড-১৯ নয়, যেকোনো খারাপ পরিস্থিতিতেই নেতৃত্ব প্রদান করতে সক্ষম হবে, যা আমাদের সবার এবং দেশের জন্য বিস্তর ভূমিকা পালন করবে।
নেট ইমপ্যাক্ট মূলত একটি অলাভজনক সংস্থা। এখানে উদ্যোক্তা তৈরি এবং তাদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য জায়গায় নিয়ে যাওয়া হয়। বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই এই সংস্থার শাখা রয়েছে। প্রতিটি শাখায় আবার কিছু অধ্যায় রয়েছে৷ চার শতাধিক অধ্যায় রয়েছে পুরো বিশ্বে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি মঞ্চ এটি। ছাত্রছাত্রীরা এই প্ল্যাটফর্মে কাজ করার ফলে পাচ্ছেন অনেক সুযোগ-সুবিধা। একই সঙ্গে তাঁরা নিজেদের প্রতিভা বিকশিত করে সফল উদ্যোক্তা হতে পারছেন। বিশ্বজুড়ে বড় নেটওয়ার্ক তৈরি করতে পারছেন। সেই দিক থেকে চিন্তা করেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই সংস্থার একটি শাখা চালু করেছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই সংস্থার সভাপতি হিসেবে সাখাওয়াত উল্লাহ বাঁধন, সহ-সভাপতি হিসেবে সফিউল বাশার সাব্বির এবং ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নাহিদুল ইসলাম দায়িত্ব পালন করছেন ।
সাখাওয়াত উল্লাহ বাঁধন বলেন, ‘আমরা চাচ্ছি ভবিষ্যতে বাংলাদেশসহ বাংলাদেশের বাইরের বেশ কিছু পরিচিত মুখ, জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সফল উদ্যোক্তাকে এনে অনেক ইভেন্ট করতে। এতে করে সব ছাত্রছাত্রী পড়াশোনা চলাকালীন নিজেদের যোগ্য করে তুলতে পারবেন।’
সফিউল বাশার সাব্বির বলেন, ‘আমাদের উদ্দেশ্য উদ্যোক্তা তৈরি করা এবং তাঁদের যোগ্য করে তোলা। সে জন্য অনেক চ্যালেঞ্জিং কাজের মাধ্যমে তাঁদেরকে পৌঁছে দিতে চাই সফলতার মণিকোঠায়।’ ক্যাম্পাস ডিরেক্টর নাহিদুল ইসলাম বলেন, নেট ইমপ্যাক্ট থেকেই ভবিষ্যৎ সফল উদ্যোক্তা এবং লিডার তৈরি হবে।