হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ‌ুমায়ূন আহমেদ
হ‌ুমায়ূন আহমেদ

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়ে হ‌ুমায়ূন আহমেদ কথাসাহিত্যে পালাবদলের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। এরপর একের পর এক উপন্যাসে পাঠকের কাছে নন্দিত হয়ে উঠেছিলেন অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে। আমৃত্যু সেই জনপ্রিয়তার স্রোতে ভাটার টান পড়েনি। আজ জননন্দিত এই লেখকের ৬৮তম জন্মবার্ষিকী।
হ‌ুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার কুতুবপুরে, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। মায়ের নাম আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। একপর্যায়ে অধ্যাপনা ছেড়ে পেশা হিসেবে লেখালেখিকে বেছে নেন। পরে চলচ্চিত্র নির্মাণেও যুক্ত হয়েছিলেন। হ‌ুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
কোলন ক্যানসারে ২০১২ সালের ১৯ জুলাই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কর্মসূচি: সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের উন্মুক্ত প্রাঙ্গণে আজ শুরু হচ্ছে হ‌ুমায়ূন আহমেদের একক বইমেলা। বিকেল সাড়ে চারটায় ছয় দিনের এই মেলার উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। মেলার আয়োজন করেছেন হ‌ুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকেরা। এ ছাড়া বেলা ২টা ৩০ মিনিটে চ্যানেল আই ভবনে আয়োজন করা হয়েছে হ‌ুমায়ূন আহমেদ মেলা। ফেসবুকভিত্তিক হ‌ুমায়ূনভক্ত তরুণদের দল ‘হিমু পরিবহন’ সকাল ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে হেঁটে নুহাশপল্লীর উদ্দেশে যাত্রা করবে। বিকেল সাড়ে চারটায় শিশু একাডেমি মিলনায়তনে রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন।

কেন্দুয়ায় নানা আয়োজন: কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, লেখকের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও হ‌ুমায়ূনভক্তদের আনন্দ শোভাযাত্রা, হ‌ুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জন্মদিনের কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। চর্চা সাহিত্য আড্ডা ও হ‌ুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে সকালে উপজেলা সদরে লেখকের জন্মদিনের কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা ও হ‌ুমায়ূন আহমেদের বই নিয়ে পাঠচক্রের আয়োজন করা হয়েছে।