হুমায়ূন আহমেদের স্কুলে এবারও শতভাগ পাস
এবারও শতভাগ পাস করেছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্কুলের শিক্ষার্থীরা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে অবস্থিত এই স্কুলটির শিক্ষার্থী ২০১৫ সাল থেকে শতভাগ কৃতকার্য হয়ে আসছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৬৫জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯ জন। কেন্দুয়া উপজেলায় এই প্রতিষ্ঠানটিই একমাত্র যা থেকে চলতি এসএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।
হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া এই স্কুলটির নাম ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’। ২০০০ সালে নিজ গ্রাম কুতুবপুরে তিনি তিন একর জমির ওপর স্কুলটি প্রতিষ্ঠা করেন। ব্যতিক্রম স্থাপত্যশৈলীতে গড়া এই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র ৩০টি আসন।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ২০১৫ সাল থেকে এই বিদ্যালয়ের এসএসসিতে পরীক্ষা দিয়ে সবাই পাশ করে আসছে। এ ছাড়া জেএসসিতেও ধারাবাহিকভাবে শতভাগ পাশ করছে। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের বাইরেও শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনার খোঁজ নেন শিক্ষকেরা। আশপাশের অন্তত ৫০টি গ্রাম থেকে ছেলেমেয়েরা এই স্কুলে পড়তে আসে।
শিক্ষক আসাদুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, ভালো শিক্ষক, পর্যাপ্তসংখ্যক শিক্ষার্থী, ভালো ফলাফল ও প্রয়োজনীয় অবকাঠামো থাকার পরও স্কুলটি এখনো এমপিওভুক্ত হয়নি।