
গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে আজ রোববার অনাড়ম্বর আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উদ্যাপিত হয়েছে।
হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যরা, নুহাশপল্লীর স্টাফ ও ভক্তরা কেক কেটে তাঁর জন্মদিন উদ্যাপন করেন। পাশাপাশি পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে লেখকের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদকে স্মরণ করে ভক্ত-পাঠকদের সংগঠন হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ। ‘গৌরীপুর জংশন’ নামে হুমায়ূন আহমেদের একটি উপন্যাস রয়েছে।
আজ সকালে নুহাশপল্লীতে সম্প্রতি স্থাপিত লেখকের ম্যুরালের সামনে জন্মদিনের কেক কাটেন লেখকের পরিবারের সদস্য ও নুহাশপল্লীর স্টাফ ও ভক্তরা। পরে লেখকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনায় অংশ নেন সবাই।
হুমায়ূন আহমেদকে স্মরণ করে তাঁর ভাই মুহম্মদ জাফর ইকবাল বলেন, হুমায়ূন আহমেদের সৃষ্টি যত দিন মানুষের মাঝে বেঁচে থাকবে, তত দিন তিনিও বেঁচে থাকবেন। কাজেই তাঁকে বাঁচিয়ে রাখার জন্য আলাদা কিছু করার দরকার নেই।
হুমায়ূন আহমেদকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর বোন সুফিয়া হায়দার। তিনি প্রথম আলোকে বলেন, ‘মানুষের গড় আয়ু বেড়েছে, সেই আয়ু আমার ভাইটি পায়নি। আকালেই তাঁকে চলে যেতে হয়েছে। তাই তো তাঁর জন্মদিনের আনন্দ করতে পারি না।’ ছোট ভাই আহসান হাবীব বলেন, ‘নুহাশপল্লীতে আগে যতবার এসেছি, তাঁর সঙ্গেই এসেছি। এখন তাঁকে ছাড়া আসতে হয়।’
জীবদ্দশায় হুমায়ূন আহমদ যে স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়নে তাঁর পরিবারের সবাই সচেষ্ট রয়েছেন বলে জানান হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি বলেন, তাঁর স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার কাজগুলো শুরু হয়েছে। সেগুলো একটু একটু করে এগিয়ে চলছে।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি মারা যান। এরপর গাজীপুরের নুহাশপল্লীতে তাঁকে সমাহিত করা হয়।
গৌরীপুর রেলওয়ে জংশনে স্মরণ অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কেক কাটা এবং লেখকের প্রিয় বিষয় হিসেবে জাদু প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা। তিনি একাধারে উপন্যাস, ছোটগল্প, টিভি নাটক, মঞ্চ নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর সৃষ্টিকর্মই তাঁকে বাংলা সাহিত্যে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। বক্তারা গৌরীপুর রেলওয়ে জংশন হয়ে চলাচল করা যেকোনো একটি ট্রেনের নাম লেখকের নামে নামকরণ করার দাবি জানান। পাশাপাশি লেখকের স্মৃতিবিজড়িত গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদের নামে একটি চত্বর করারও দাবি জানানো হয়।
হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম, অধ্যক্ষ রুহুল আমিন, গল্পকার আহমদ জামাল জাফরী, গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোর্শেদুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন জাদুশিল্পী হাবিবুর রহমান।