যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিবর্তিত সময়ই বলে দেবে বাংলা সাহিত্যে নন্দিত লেখক হুমায়ূন আহমেদ কীভাবে মূল্যায়িত হবেন। সাহিত্যের জন্য না হলেও ব্যক্তি হিসেবে তিনি বেঁচে থাকবেন।গত শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বইটির মোড়ক উন্মোচন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন। বইটির গ্রন্থনা করেছেন নিউইয়র্কপ্রবাসী বিশ্বজিত সাহা। চিকিৎসার জন্য জীবনের শেষ ১০ মাস নিউইয়র্কে অবস্থান করেন হুমায়ূন আহমেদ। এ সময় তাঁকে খুব কাছে থেকে দেখেছেন বিশ্বজিত সাহা।বাংলা প্রকাশ থেকে প্রকাশিত এ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে নিউইয়র্কের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন মমতাজ উদ্দিন আহমেদ, জিয়া উদ্দিন আহমেদ, জয়ন্ত নাগ, দ্বিজেন ভট্টাচার্য, মিনাক্ষী দত্ত, মতলুব আলী, রোকেয়া হায়দার, মনজুর আহমেদ, নাসিমুন নাহার, নিনি ওয়াহেদ ও প্রকাশক মেহদী হাসান।