১ অক্টোবর থেকে ফেরিতে ডিজিটাল টিকিট
আগামী ১ অক্টোবর থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও কাজীরহাট ফেরিঘাটে পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতির র্যাপিড পাস সিস্টেম ম্যাগনেটিক কার্ড চালু হবে। ওই দিন থেকে আর হাতে লেখা টিকিট দেওয়া হবে না। যাত্রীদেরও টিকিটের জন্য কাউন্টারে অপেক্ষা করতে হবে না।
এ ব্যাপারে আজ মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে সই করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পরিচালক (কারিগরি) সুধাকর দত্ত, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধি কোজি মিতো মোরি এবং ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এই কার্ডের বাহক বিআইডব্লিউটিসি ছাড়াও অন্য যানবাহনে একই সুবিধা পাবেন। কার্ড ব্যবহারকারীরা বিআইডব্লিউটিসি এবং বিআরটিসি’র সব কাউন্টার থেকে কার্ড রিচার্জ করতে পারবেন। ভবিষ্যতে এই কার্ড ব্যবহারকারীরা বিভিন্ন এটিএম বুথ থেকেও কার্ড রিচার্জ করতে পারবেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, বিআইডব্লিউটিসি তিনটি ফেরিঘাটে ডিজিটাল পদ্ধতির পাইলট প্রকল্পটি চালু করতে প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার ও অন্যান্য যন্ত্রপাতি, কমিশনিং এবং সংস্থার অপারেটরদের প্রশিক্ষণ সংক্রান্ত সব ধরনের ব্যয় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বহন করবে। বিআইডব্লিউটিসি নিজ খরচে তিনটি ফেরিঘাটে সাতটি টিকিট কাউন্টার মেরামত/নির্মাণ করবে।
পাইলট প্রকল্পটি বাস্তবায়নের সময় এক বছর। প্রকল্পটি সরকার অনুমোদিত ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) ‘এস্টাবলিশমেন্ট অব ক্লিয়ারিং হাউজ ফর ইন্টিগ্রেটিং ট্রান্সপোর্ট টিকেটিং সিস্টেম ইন ঢাকা সিটি’র অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, যে সব যানবাহন নিয়মিত ফেরি পারাপার হয় সেগুলো রিচার্জ করে র্যাপিড পাস ব্যবহার করতে পারবে। যেগুলো অনিয়মিত ভাবে পারাপার হয় সেগুলো নির্ধারিত টাকা দিয়ে সঙ্গে সঙ্গে টিকিট সংগ্রহ করতে পারবে। প্রতি সেকেন্ডে ১০ জন যাত্রী বিভিন্ন কাউন্টারে এ পাস ব্যবহার করতে পারবে। ৩০ সেন্টিমিটার দূর থেকে এটি ব্যবহার করা যাবে। কার্ডটি ছয় মাত্রার নিরাপত্তা লেভেল সংবলিত। এটির কোনো নকল তৈরি করা যাবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেন এবং জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি তাকু ইয়ামাবি উপস্থিত ছিলেন।