২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কাশ্মীরি জঙ্গি সংগঠনের নেতা আবদুল মজিদ বাটের স্ত্রী নাহিদ লাইলার সাক্ষ্যের বৈধতা চ্যালেঞ্চ করে হাইকোর্টে আবেদন করেছে আসামিপক্ষ। এর পরিপ্রেক্ষিতে মজিদ বাটের আইনজীবী গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ মামলার বিচারিক কার্যক্রম মুলতবি রাখার আবেদন করেন। বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ১ অক্টোবর পর্যন্ত মামলার চলমান সাক্ষ্য কার্যক্রম মুলতবি করেন। একই সঙ্গে ওই দিন হাইকোর্টের আদেশ দাখিলের আদেশ দেন।
আসামি পাকিস্তানি নাগরিক মজিদ বাটের বাংলাদেশি স্ত্রী নাহিদ লাইলা ১৫ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য দেন। মজিদ বাটের আইনজীবী মো. পারভেজ গতকাল আদালতকে বলেন, আইন অনুযায়ী নাহিদ লাইলা স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন না। তাই ওই সাক্ষ্যের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন করেন। শুনানি শেষে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত ও শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদসহ আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।