১ অক্টোবর সারা দেশে এক দিনের প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ ঘোষণা দেন।দলের কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলাম ও তাসনীম আলমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা এবং পুলিশের অব্যাহত গ্রেপ্তার অভিযানের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সরকার জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এ রকম জুলুমের নজির নেই। তিনি দলের দুই কেন্দ্রীয় নেতাকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘোষিত কর্মসূচি সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান।এদিকে দুই নেতাকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানোর প্রতিবাদে গতকাল বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। শিবিরের সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেনের নেতৃত্বে মিছিলটি কমলাপুর রেলস্টেশন মোড় থেকে শুরু হয়ে টিটিপাড়ায় গিয়ে শেষ হয়।