বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট আগামী ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ নেতাদের সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠকে এ সমঝোতা হয়।সংগ্রাম পরিষদ তাদের ১২ দফা দাবি বাস্তবায়নে ২৬ জুন থেকে চট্টগ্রামে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেয়।অতিরিক্ত বিভাগীয় কমিশনার আলেফ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক এহছানে এলাহী, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) বিশ্বাস আফজাল হোসেন, নগর পুলিশের উপকমিশনার (ডিসি) ফারুক আহমেদ প্রমুখ। সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক জহুরুল আহমেদ, মো. মুছা, সদস্য-সচিব আলী আহমেদ, শ্রমিক নেতা মিলন চৌধুরী। সংগ্রাম পরিষদ সূত্রে জানা যায়, ১২ দফা দাবির মধ্যে রয়েছে ২০ বছরেরও বেশি সময় ধরে চলাচলকারী গাড়িগুলোর রুট পারমিট নবায়ন না করার সিদ্ধান্ত বাতিল, বাস, কোচ, ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরি, হিউম্যান হলারের জন্য টার্মিনাল নির্মাণ, রিকুইজিশনের নামে পুলিশের বাণিজ্য, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, বিআরটিএ কর্তৃপক্ষের দুর্নীতি বন্ধ, টায়ার-টিউব ও খুচরা যন্ত্রাংশের দাম কমানো, সড়ক ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি। বৈঠকে পুলিশের উপকমিশনার ফারুক আহমেদ বলেন, বাস, কোচ, ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণের ব্যাপারে সিটি মেয়রের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। মহাসড়কে যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষার বদলে নির্দিষ্ট দিনে চেকপোস্ট বসিয়ে পরিবহন নেতাদের উপস্থিতিতে এসব যাচাই করা হবে। পরিবহনে ডাকাতি বন্ধেও কার্যকর উদ্যোগ নেবে পুলিশ। এ ছাড়া অন্যান্য দাবি-দাওয়া পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ আগামী ১ আগস্ট পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে আমাদের সব দাবি পূরণ করা না হলে আমরা পুনরায় আন্দোলনে নামব।’