১ এপ্রিল থেকে পাল্টে যাচ্ছে শেরাটনের নাম ও ব্যবস্থাপনা
১ এপ্রিল থেকে পাল্টে যাচ্ছে রাজধানীর পাঁচ তারা হোটেল শেরাটনের নাম ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বর্তমানে হোটেলটি পরিচালনাকারী শেরাটন ওভারসিজ ম্যানেজমেন্ট করপোরেশন চুক্তি আর নবায়ন করছে, না অন্য কোনো প্রতিষ্ঠানকে এর পরিচালনাভার দেবে, এর মালিক প্রায় সম্পূর্ণ সরকারি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল)।১ এপ্রিল থেকে তিন মাস এই হোটেলের নাম থাকবে ঢাকা কন্টিনেন্টাল হোটেল বা হেরিটেজ হোটেল। তার পর নতুন পরিচালনা প্রতিষ্ঠানের পছন্দমতো নাম হবে এখনকার হোটেল শেরাটনের। ১ এপ্রিল থেকে অন্তর্বর্তীকালে পাঁচ তারা এ হোটেলের পরিচালনা ও দায়িত্বভার গ্রহণ করবে বিএসএল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।সূত্র জানায়, ঢাকা শেরাটন হোটেল পরিচালনাকারী-প্রতিষ্ঠান শেরাটন ওভারসিজ ম্যানেজমেন্ট করপোরেশনের (এসওএমসি) অভিভাবক-প্রতিষ্ঠান স্টারউড এশিয়া প্যাসিফিক হোটেলস অ্যান্ড রিসোর্টস চুক্তি নবায়নের যে শর্ত দিয়েছে, তা সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।জানতে চাইলে বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘তিন মাসের জন্য বিএসএল এ হোটেল পরিচালনা করবে। স্টারউডের প্রস্তাব বিবেচনা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি বলেই আমরা তাদের শর্ত মেনে নিতে পারিনি। আশা রাখি, আগামী তিন মাসের মধ্যে নতুন কোনো প্রতিষ্ঠান এ হোটেল পরিচালনায় আসবে।’হোটেলটি পরিচালনার জন্য বিদেশি পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে ক্রাউন প্লাজা, সুইসটেল ও হায়াত হোটেলের নাম প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।স্টারউডের প্রস্তাবের মধ্যে ছিল একটি ব্যাপক সংস্কার উদ্যোগ; যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে আড়াই কোটি ডলার (পৌনে ২০০ কোটি টাকার বেশি)।এসওএমসি প্রথম পর্যায়ে ২০ বছর ও দ্বিতীয় পর্যায়ে পাঁচ বছরের জন্য ঢাকা শেরাটন হোটেল নামে পরিচালনা করে আসছে। সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ মার্চ। স্টারউড বলেছে, শর্ত মানা হলেই কেবল তারা চুক্তি নবায়নের কথা বিবেচনা করতে পারে।স্টারউডের শর্ত: স্টারউডের শর্তগুলোর অন্যতম ছিল তাদের রূপরেখা অনুযায়ী ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি হোটেল পরিচালনায় দীর্ঘমেয়াদি চুক্তির জন্য প্রপার্টি ইমপ্রুভমেন্ট প্ল্যান (পিআইপি) প্রণয়ন করে। তাদের দেওয়া পরিকল্পনার ভিত্তিতে সমীক্ষা করা হলে প্রস্তাবিত সংস্কার ও আধুনিকায়নের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় আড়াই কোটি ডলার। স্টারউড পরে বিএসএলের কাছে পিআইপির কিছু শর্ত তুলে ধরে। এর মধ্যে ছিল সংস্কার বাস্তবায়নের সময়সীমা ২০১৮ সালের মধ্যে সীমাবদ্ধ রাখা, এর মধ্যে বিএসএল পিআইপি বাস্তবায়নে ব্যর্থ হলে চুক্তি বাতিল ও স্টারউডকে ক্ষতিপূরণ দান, সংস্কারে ন্যূনতম আড়াই কোটি ডলার ব্যয় করার নিশ্চয়তা দেওয়া ইত্যাদি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন হোটেলের পরিচালনা এবং বিএসএলকে সহায়তা দেওয়ার জন্য একটি পরামর্শক-প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে। বিমানসচিব শফিক আলম মেহেদী বলেন, সাময়িকভাবে বর্তমান শেরাটনের নাম ঢাকা কন্টিনেন্টাল হোটেল হওয়ার সম্ভাবনা বেশি। উল্লেখ্য, শেরাটন দায়িত্ব নেওয়ার আগে ১৯৭৩ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এ হোটেলের নাম ছিল ইন্টার-কন্টিনেন্টাল।