১ এপ্রিলের পর হাজারীবাগে চামড়া ঢুকতে পারবে না
রাজধানীর হাজারীবাগ ট্যানারিতে আগামী ১ এপ্রিল থেকে কোনো কাঁচা চামড়া প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়ে জানানো হয়।
আন্তমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়সহ প্রমুখ।
সভায় জানানো হয়, নদী দূষণের অন্যতম কারণ হলো শিল্প বর্জ্য, যা শতকরা ৬০ ভাগ। এর মধ্যে ট্যানারির বর্জ্য ৪০ ভাগ। হাজারীবাগের ট্যানারির বর্জ্য যাতে নদী দূষণ করতে না পারে সে জন্য হাজারীবাগের ট্যানারি মালিকদের তাদের জন্য নির্ধারিত সাভারের শিল্প নগরে দ্রুত চলে যেতে হবে।
সভায় বলা হয়, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণরোধে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ গ্রহণ করা ও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধন করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয় এতে ‘লিড মিনিস্ট্রি’ হিসেবে কাজ করবে।
এ ছাড়া বাংলাদেশ নৌ-বাহিনী নদীর দখল ও দূষণরোধ বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি কনসেপ্ট পেপার তৈরি করবে এবং সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।