১ কোটি ৩০ লাখ মায়ের কাছে বৃত্তির টাকা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংকের ‘শিওর ক্যাশে’র মাধ্যমে সারা দেশে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ‘মায়ের হাসি’ নামের এ প্রকল্পে প্রতি মাসে ১ কোটি ৩০ লাখ মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা পৌঁছে যাবে। গতকাল বুধবার গণভবনে উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণের এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সে ‘মায়ের হাসি’ প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, যেসব মায়ের কাছে মোবাইল ফোন নেই, তাঁদের ২০ টাকা ফ্রি টকটাইমসহ ২০ লাখ সিম দেওয়ার চুক্তি করেছে টেলিটক। অর্থাৎ, এখন সবার হাতেই মোবাইল ফোন ও এর মাধ্যমে টাকা চলে যাচ্ছে। টাকা তোলার জন্য ঝামেলা পোহাতে হচ্ছে না।
এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলেমেয়ে যেন বিপথে না যায়, ছেলেবেলা থেকেই সেভাবে তাদের গড়ে তুলবেন। তারা যেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে, দেশকে ভালোবাসতে পারে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।