অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধিত) আইনে সরকারি মালিকানায় নেওয়া ১/১ খতিয়ান বাতিল করে ওই সম্পত্তির মূল মালিক অথবা তাঁর উত্তরাধিকার বা সহ-অংশীদারদের ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল সোমবার সকালে আয়োজিত আটটি বেসরকারি সংস্থা ও সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ ছাড়া কেবল ১৯৭৪ সালের ২৩ মার্চ পর্যন্ত অর্পিত ঘোষিত সম্পত্তিকেই অর্পিত সম্পত্তি বলে গণ্য করা এবং এই আইনের ২৭ ধারায় ‘বিক্রয়’ শব্দের স্থলে ১৯৬৫ সালের মৌজার দামের হারে ‘প্রতীকী মূল্যে’ শব্দ প্রতিস্থাপন করারও দাবি জানানো হয়।এই যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, নিজেরা করি, এএলআরডি, সম্মিলিত সামাজিক আন্দোলন, এইচডিআরসি এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তিনি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধিত) আইন, ২০১১ গত ২৮ নভেম্বর জাতীয় সংসদে পাস করায় এবং ১১ ডিসেম্বর তা গেজেট আকারে প্রকাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।সংবাদ সম্মেলনে আইনটি দ্রুত বাস্তবায়নের জন্য আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের বিধিমালা প্রণয়ন, ১৫০ দিনের মধ্যে সম্পত্তির তালিকা প্রকাশ, মালিকানার দাবি নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল ও কেন্দ্রীয় জেলা কমিটি গঠন এবং কমিটিতে ক্ষতিগ্রস্ত পক্ষ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের কাছে গ্রহণযোগ্য দুজন প্রতিনিধি রাখা নিশ্চিত করার দাবি জানায়।এক প্রশ্নের জবাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, সরকারি মালিকানায় নেওয়া ১/১ খতিয়ানভুক্ত সম্পত্তির পরিমাণ কত, এর বাস্তবভিত্তিক কোনো তথ্য তাঁদের কাছে নেই।অপর এক প্রশ্নের জবাবে বেসরকারি সংস্থা নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, সম্পত্তির গেজেট প্রকাশ হওয়ার পর প্রকৃত সম্পত্তির পরিমাণ জানা যাবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আইন ও সালিশ কেন্দ্রের ফয়জুল কবির, সম্মিলিত সামাজিক আন্দোলনের রুহুল আমীন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।