১ ঘণ্টায় ৭ লাখ চারা রোপণ?

কুড়িগ্রামের রাজারহাটে গতকাল বুধবার এক ঘণ্টায় ৭ লাখ চারা লাগানো হয়েছে বলে দাবি করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলার সাতটি ইউনিয়নের গ্রামগঞ্জের অনেকের হাতে গতকাল ছিল বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি গাছের চারা।
রাজারহাট হেলিপ্যাড প্রাঙ্গণে গতকাল সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস সালাম চাষী, সাধারণ সম্পাদক আবুনুর আক্তারুজ্জামান প্রমুখ।
কাজী হাসান আহমেদ বলেন, একসময় বলা হতো উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাবে। এটা ঠিক নয়। এখন উত্তরাঞ্চলে গাছ লাগানো উৎসব চলছে।
গতকাল সকালে সদর ইউনিয়নের হাসপাতাল মোড় থেকে সিন্দুরমতি পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক গাছের গর্ত খুঁড়ে দাঁড়িয়ে আছে। ১০টায় বিভাগীয় কমিশনার উদ্বোধন করার পর শুরু হয় গাছ লাগানো উৎসব। এ সময় রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সোমা, আরিফা বলে, ‘একসঙ্গে সবাই গাছ লাগাতে ভালো লাগছে।’ নবম শ্রেণির শিক্ষার্থী তনুশ্রী বলে, ‘অনেক আনন্দ লাগছে। গাছ আমাদের অক্সিজেন দেয়। পরিবেশ রক্ষা করে।’ বিদ্যালয়ের শিক্ষক আবদুর ছালাম মণ্ডল বলেন, ‘এমন গাছ লাগানো উৎসব তাঁরা কখনো দেখেননি।’
চাকিরপাশা ইউনিয়নের সড়কে গাছ লাগাতে দেখা গেল রাজারহাট আর্দশ মহিলা কলেজের কর্মচারী অনন্ত কুমার রায়কে। তিনি বলেন, ‘ইচ্ছা করে গাছ লাগাতে আসছি। খুব ভালো কাজ হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুনুর বলেন, ইউএনও রফিকুল এ কর্মসূচি চালু করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ ব্যাপারে ইউএনও রফিকুল বলেন, ‘সবার অক্লান্ত পরিশ্রমে এক ঘণ্টায় ৭ লাখ চারা লাগানোর কাজটি সফল হয়েছে। গত ৭ মাস থেকে আমরা এ দিনের জন্য অপেক্ষা করছি। এগুলো বাস্তবায়নে ২৭০টি সভা করেছি। উপজেলার ৭ ইউনিয়নে ১৭৯টি গ্রামের ৫ শতাধিক সড়কের ৫০১ কিলোমিটার এলাকায় ৬৩ প্রকার গাছের চারা রোপণ করা হয়। এতে ১২২টি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি উচ্চবিদ্যালয়, ২৯টি মাদ্রাসা, ১২টি মহাবিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার ১ লাখ ২০ হাজার মানুষ অংশ নেয়।’