১ জানুয়ারি থেকে ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া যান চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকে ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া সারা দেশের কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার তিনি এ কথা বলেন।
এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই সব যানবাহনকে ডিজিটাল নম্বরপ্লেট ও যাবতীয় তথ্যসংবলিত যন্ত্র বা আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর, কর্তৃপক্ষ ও সংস্থার সঙ্গে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রায় ৪০ শতাংশ বাস-মিনিবাস অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার নির্ধারিত ভাড়া আদায় এবং অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। অতিরিক্ত ভাড়া নেওয়া বাসের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশও দেন তিনি।
বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকারি দপ্তরের দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধির মাধ্যমে প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জনে ফলাফলভিত্তিক কর্ম-সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে চালু রয়েছে। আমরাও এটি চালু করেছি।’
অনুষ্ঠানে সওজের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।