১ জানুয়ারি সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে নতুন বছরের প্রথম দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন সাংবাদিকেরা। গতকাল রোববার প্রতীকী গণ-অনশনের পর এ নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।পূর্বঘোষিত ঐক্যবদ্ধ কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকেরা প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দুই অংশ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশ, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই কর্মসূচি আয়োজন করে।গণ-অনশন শেষে নতুন কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। নতুন কর্মসূচির মধ্যে আরও আছে ২০ জানুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মহাসমাবেশ। ওই মহাসমাবেশে সারা দেশ থেকে সাংবাদিকেরা অংশ নেবেন। মহাসমাবেশ চলাকালে ওই দিন বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত গণমাধ্যমে প্রতীকী কর্মবিরতি পালন করা হবে। এ ছাড়া ওই মহাসমাবেশ থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের চাকরিচ্যুতি বন্ধ, অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও ট্রেড ইউনিয়ন চালুর জন্য সরকারের প্রতি দাবি জানানো হবে বলেও জানিয়েছেন সাংবাদিক নেতারা।গণ-অনশন কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, আজ প্রায় এক বছর হতে চলল। কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। প্রকৃত দোষীদের আটক করা হয়নি। র্যা ব, পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী এই বিচার নিয়ে তামাশা করছেন। তাঁরা আরও বলেন, শুধু সাগর-রুনির হত্যার বিচার নয়, পুরো সাংবাদিক সমাজকে নিয়ন্ত্রণমুক্ত করতেই এই আন্দোলন। এ সময় অতীতের সব সাংবাদিক হত্যার বিচারও দাবি করেন তাঁরা।সমাবেশে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তৃতা করেন রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, আব্দুল জলিল ভূঁইয়া, আব্দুস শহীদ, ওমর ফারুক, বাকের হোসাইন, সাখাওয়াত হোসেন, শাহেদ চৌধুরী, ইলিয়াস খান, শাবান মাহমুদ প্রমুখ।