১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’
আগামী ১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন করবে সরকার। এদিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়া হবে। এ লক্ষ্যে ২৪ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ কোটি ২০ লাখ পাঠ্যবই পৌঁছে দেওয়ার কাজ চলছে।গতকাল শনিবার এক পর্যালোচনা সভায় পাঠ্যবই ছাপা ও বিতরণের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. মোস্তফা কামালউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় ১৫ ডিসেম্বরের মধ্যে জেলায়, ২১ ডিসেম্বরের মধ্যে উপজেলা ও ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ২৯-৩০ ডিসেম্বর পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানানো হবে।