পবিত্র ঈদুল ফিতরের পর আগামী ১ জুলাই থেকে নির্দিষ্ট স্থানে বসতে হবে চট্টগ্রাম নগরের হকারদের। পরিচয়পত্রধারী হকারেরা প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে হকার নেতাদের সভায় এই সিদ্ধান্ত হয়। চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেশনের প্রকৌশল বিভাগ নগরের ফুটপাতগুলোকে টাইলস বসিয়ে দৃষ্টিনন্দন করবে এবং আলাদা করে প্রতিটি দোকানের অবস্থান নম্বর (পজিশন মার্কিং) চিহ্নিত করে দেবে। পরিচয়পত্রধারী (আইডি কার্ড) হকাররা তাঁদের আইডি নম্বর অনুযায়ী নির্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনা করবেন। ফুটপাতে জনগণের চলাচলের সুযোগ রেখেই এ ব্যবস্থা নেওয়া হবে।
গতকালের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, চট্টগ্রাম হকার্স লীগের সভাপতি নুর আহমদ, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম মিয়া, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান।