১ টাকার মুদ্রা নিয়ে হইচই!
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সোনালি রঙের এক টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বেশি দামে কেনা-বেচার হিড়িক পড়েছে। গতকাল এসব জেলার বিভিন্ন উপজেলায় প্রতিটি মুদ্রা ১০ থেকে সর্বোচ্চ ১৫০ টাকায় বিক্রি হয়েছে। এ ধরনের মুদ্রার গায়ে স্বর্ণের প্রলেপ রয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ার পর বহু লোক উচ্চমূল্যে তা সংগ্রহ করছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।তবে ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, মুদ্রার গায়ে সোনার প্রলেপ থাকার বিষয়টি সত্য নয়। গুজব ছড়িয়ে কোনো একটি প্রতারকচক্র স্বার্থসিদ্ধির চেষ্টা করছে।সিলেট নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, পাঠানটোলা, সুবিদবাজার, আম্বরখানা, শিবগঞ্জ, লামাবাজার, দরগাহ গেট, বারুতখানাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গতকাল সোমবার এক টাকার সোনালি রঙের মুদ্রা বিভিন্ন দামে কেনা-বেচা করতে দেখা গেছে। অন্যদিকে সিলেটের বিশ্বনাথ, সদর উপজেলা, দক্ষিণ সুরমা, জৈন্তাপুরসহ বেশ কয়েকটি উপজেলায়ও বেচা-কেনা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৌলভীবাজারের সদর ও কমলগঞ্জ উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায়ও একই চিত্র দেখা গেছে।রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, অটোরিকশাচালকসহ নিম্নবিত্ত শ্রেণীর লোকজনই মূলত এসব মুদ্রার মূল ক্রেতা। তাঁরা বলেছেন, সংগ্রহ করা মুদ্রাগুলো তাঁরা পরে অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। সিলেটের অনেক মুদ্রাক্রেতা বলেছেন, তাঁরা জানতে পেরেছেন এসব মুদ্রা ব্যাংকে জমা দিলে ব্যাংক প্রতিটি মুদ্রার বিনিময়ে এক শ থেকে দেড় শ টাকা দেবে।বিশ্বনাথ উপজেলার সোনালী ব্যাংক শাখার সহকারী ব্যবস্থাপক নিরঞ্জন চন্দ রায় বলেছেন, তাঁর ব্যাংকে কয়েক ব্যক্তি এসব মুদ্রা বিক্রি করতে এসেছিলেন। তিনি তাঁদের বিষয়টি গুজব বলে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এসব মুদ্রায় তাঁদের জানা মতে এমন কোনো উপাদান নেই, যা এত দামে বিক্রি হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট সদর উপজেলার একজন ব্যবসায়ী জানিয়েছেন, তিনি ৩১টি তামার এক টাকার মুদ্রা ২০ টাকা দরে ৬২০ টাকায় বিক্রি করেছেন। একইভাবে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের একজন ক্ষুদ্র ব্যবসায়ী জানিয়েছেন, তাঁর কাছে গত রোববার কয়েকজন লোক এক টাকার মুদ্রা ৩০ টাকা দরে কিনতে এসেছিল।রাজনগর উপজেলা সদরে গতকাল প্রতিটি মুদ্রা ৫০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। এদিকে আরও বেশি দামে বিক্রির আশায় অনেক লোক ২০-৩০ টাকা দিয়ে মুদ্রা কিনে মজুদ করছে।সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, অনেক গ্রাহক তাঁদের কাছে বিষয়টি জানতে আসছেন। বাজার থেকে এক টাকার তামার মুদ্রা তুলে নেওয়ার কোনো নির্দেশনা বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়নি।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে বলেন, কোনো একটি প্রতারকচক্র এ ঘটনায় জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।{প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সিলেট, মৌলভীবাজার, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া), মাধবপুর (হবিগঞ্জ) ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি}