১ ডিসেম্বর থেকে সৈয়দপুরে দূরপাল্লার বাস ধর্মঘট
নীলফামারীর সৈয়দপুর শহরে দূরপাল্লার বাস ঢুকতে দেওয়ার দাবিতে আগামি ১ ডিসেম্বর থেকে সৈয়দপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।নীলফামারী জেলা দিবা ও রাত্রিকালীন কোচ কমিশন এজেন্ট এবং ম্যানেজার কল্যাণ সমিতি এ ধর্মঘট ডেকেছে। ৩০ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১ ডিসেম্বর থেকে ধর্মঘট শুরু হবে।গতকাল রোববার এ ব্যাপারে তাঁরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন। এতে বলা হয়েছে, প্রশাসন গত বছরের জুন মাস থেকে শহরে দিবা ও নৈশকোচ ঢুকতে দিচ্ছে না। অথচ অবাধে চলাচল করছে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান। সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল বলেন, বিকল্প ব্যবস্থা না করেই প্রশাসনের পক্ষ থেকে শহরে বাস চলাচলে নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে শহরে বাস ঢুকতে দেওয়ার দাবি জানান।জেলা প্রশাসক আবদুল মজিদ বলেন, বিষয়টি স্পর্শকাতর। একটি দুর্ঘটনাকে ঘিরে সৈয়দপুর শহরে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ নিয়ে পরিবহনের নেতাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হবে।