পুরান ঢাকার সদরঘাট থেকে বাকল্যান্ড বাঁধ সড়কে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকে। আর পানিটোলা, রাধিকা বসাক লেন এলাকায় ১ দিন আবর্জনা পরিষ্কার করা হলে ১৫ দিন আর কোনো খবর থাকে না। এই অভিযোগ পাওয়া গেছে ওই এলাকার দোকানপাট ও বাসাবাড়ি থেকে।
গত বৃহস্পতিবার সকালে এসব এলাকা ঘুরে দেখা যায়, বাস্তব অবস্থা আরও খারাপ। সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে থেকে ওয়াইজ ঘাটে যাওয়ার রাস্তার দুপাশে আবর্জনার স্তূপ। একটি ভাঙারির দোকানের সামনে আবর্জনার স্তূপ থেকে ছেঁড়া জুতা, প্লাস্টিকের বোতল আর পলিথিন বাছাই করছিল তিন পথশিশু। এগুলো কুড়িয়ে কী করবে জানতে চাইলে তিনজনেরই জবাব প্রায় এক—‘দোকানে দিলে বকশিশ পামু।’
ওয়াইজ ঘাটে যাওয়ার রাস্তায় দুপাড়েই জমে আছে আবর্জনা। ফল নিয়ে বসেছেন আকিল উদ্দিন। তিনি বলেন, ‘কী বেচাকিনা করুম, ভাই। কাস্টমাররা আমের গন্ধ শুঁকতে গিয়া পান ময়লার পচা গন্ধ।’ বলতে বলতে তিনি নিজেও তাঁর দোকানের কিছু ফলের খোসা ওই ময়লার মধ্যেই ফেলে দিলেন।
এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডে পড়েছে। কাউন্সিলর আবদুর রহমান মিয়াজীর কার্যালয়ে তাঁকে পাওয়া যায়নি। কার্যালয়ের একজন কর্মকর্তা বললেন, ‘স্যার নির্বাচিত হওয়ার পর এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কারে কঠোর ভূমিকা পালন করছেন। তবে সুইপাররা পরিষ্কার করার কিছু সময় পর আবার ময়লা জমে যায়। বিশেষ করে মৌসুমি ফল ও সবজির বর্জ্য বড় সমস্যা সৃষ্টি করছে। প্রতিকারের চেষ্টা করা হচ্ছে।’ তবে একজন ফল বিক্রেতা বলেন, অন্য আবর্জনাও নিয়মিত পরিষ্কার না করে রাস্তায় ফেলে রাখা হয়।
শাঁখারীবাজারের পানিটোলায় গিয়ে দেখা গেল, রাস্তার অংশ প্রায় ছয় ফুট। তিন ভাগের এক ভাগ জায়গাজুড়ে আবর্জনা জমে আছে। দুর্গন্ধের কারণে দোকানে আসা ক্রেতারা অস্বস্তিতে থাকেন। বিভিন্ন ধরনের ফ্রেমে বাঁধাই করা ছবি বিক্রি করেন দেবজিত কর্মকার। তিনি এবং অন্য দোকানিরা বলেন, কয়েক দিন পর আবর্জনার কারণে মনে হয়, রাস্তাই আর অবশিষ্ট থাকবে না। ১ দিন আবর্জনা পরিষ্কার করার পর সুইপারের আসার সময় হয় ১৫ দিন পর। রাস্তার এক পাশের নর্দমার অনেক জায়গায় ঢাকনা খোলা। বৃষ্টি হলে ভেতরের আবর্জনা মেশানো পানি বেরিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। দোকানিরা বলেন, খোলা ড্রেনে পড়ে প্রায় প্রতিদিন কারও না কারও হাড় ভাঙে।
দেখা গেল, শাঁখারীবাজারের দুপাশে নর্দমা চওড়া করা হয়েছে। তবে তা রয়েছে খোলা অবস্থায়। সেই নর্দমার সঙ্গে ঢালু হয়ে যুক্ত হয়েছে পানিটোলার অগভীর নর্দমা। ফলে বৃষ্টি হলেও ময়লা আর পানি যুক্ত হয়ে একসময় রাস্তায় উপচে পড়ে।