১ নভেম্বর থেকে পোশাক খাতে নতুন মজুরি কার্যকর করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আগামী ঈদের আগেই শ্রমিকদের নতুন মজুরিকোঠামোতে পাওনা পরিশোধে মালিকদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, নতুন মজুরিকাঠামো ১ নভেম্বর থেকে বাস্তবায়ন শুরু হবে।মন্ত্রী বলেন, নভেম্বরের আগেই মালিক-শ্রমিক উভয় পক্ষ বসে কীভাবে এই মজুরিকাঠামো বাস্তবায়ন করা যায়, তা চূড়ান্ত করা হবে। কোনোভাবেই এ নিয়ে টালবাহানা করা যাবে না।তিনি একই সঙ্গে পোশাকশ্রমিকদের বেতন কত হবে, তাঁরা মালিকদের সঙ্গে কী আচরণ করবেন—এসব বিষয় নিয়ে এনজিওগুলোকে কোনো ধরনের পরামর্শ ও মন্তব্য না করতে নির্দেশনা দেন। মন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, এনজিওগুলোর উসকানিতে রাস্তায় নামবেন না। গাড়ি ভাঙচুর, অবরোধ করে মানুষের ক্ষতি করবেন না। তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ ও স্পেনের ইনডিটেক্সের উদ্যোগে বিজিএমইএর কার্যালয়ে টেস্টিং ল্যাবরেটরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন। রপ্তানি পণ্যের কেমিক্যাল ও ডাইস টেস্টের জন্য এই ল্যাব স্থাপিত হচ্ছে। এই ল্যাব থেকে আয়ের পাঁচ শতাংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে।শ্রমমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, সরকারের কাছে তথ্য আছে পোশাক কারখানাগুলোর অবস্থা এবং শ্রমিকদের সম্পর্কে। ছয়টি দল পোশাক কারখানাগুলো মনিটর করছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা মোকাবিলার জন্য সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম। ইনডিটেক্সের পরিচালনা পর্ষদের সচিব এন্টনিও আবরিল আবদিন, ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত এ এম পেরেজ মার্টিনেজ, ইনডিটেক্স ঢাকা কার্যালয়ের পরিচালক রেজাউল করিম, বিজিএমইএর সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ফারুক হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে পোশাকশিল্পে মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের হাতে গ্রুপ বিমার চেক হস্তান্তর ও শ্রমিকদের মেধাবী সন্তানদের বৃত্তি এবং দক্ষ কর্মীদের সনদ দেওয়া হয়।