১ নভেম্বর সারা দেশে ১৪ দলের প্রতিবাদ সমাবেশ
১৪ দলের মুখপাত্র মো. নাসিম দ্রুত সংলাপ শেষ করে নির্বাচনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বোমাবাজি, হরতাল নৈরাজ্যের প্রতিবাদে জোটের পক্ষ থেকে ১ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন তিনি।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে নাসিম এ ঘোষণা দেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘আমরা সংলাপ চাই। প্রধানমন্ত্রী আন্তরিকতা দেখিয়েছেন। এখন বিরোধী দল সাড়া দিয়ে এগিয়ে এলে সংলাপ শুরু হবে এবং ১৪ দল মনে করে দ্রুত এই সংলাপ শেষ করতে হবে। আমরা অপেক্ষা করছি বিরোধী দল আসবে ও বসবে।’
বিরোধী দল জামায়াতকে নিয়ে এলে সংলাপ হবে কি না, এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, জামায়াতকে অবশ্যই দাওয়াত দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী বিএনপিকে সংলাপের আমন্ত্রণ দিয়েছেন।
২৯ তারিখের পর বিএনপি সংলাপে বসতে চাইলে তারা রাজি হবেন কি না—এমন প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা সব সময়ই রাজি। উদ্যোগটা বিরোধী দলকে নিতে হবে। সাড়া দেওয়ার দায়িত্ব বিরোধী দলের। ওনারা বলুক, কীভাবে আলোচনা করবেন।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আজকের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাহ, জাসদের শরিফ নুুরুল আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।