আগামী ১ নভেম্বরের মধ্যে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করছে বাংলাদেশ। নিরাপত্তামূলক এসব পদক্ষেপ নেওয়ার কাজে বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।সাভারে ভবনধসের বিয়োগান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পরিকল্পিত এক কর্মকৌশলে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কর্মকৌশল প্রণয়নে সহায়তা দেবে আইএলও। শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র গতকাল শুক্রবার রাতে জানিয়েছে, এক যৌথ ঘোষণায় এসব বিষয়ের উল্লেখ থাকবে। আজ শনিবার রাজধানীতে আইএলওর সফররত উপমহাপরিচালক গিলবার্ট হুংবোর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ওই যৌথ ঘোষণা প্রচারের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সাভারে ভবনধসের পর পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম আফ্রিকার দেশ টোগোর সাবেক প্রধানমন্ত্রী হুংবো ১ মে চার দিনের সফরে ঢাকায় আসেন। জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার গতকাল প্রথম আলোকে বলেন, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আইএলওর সহযোগিতায় সরকার একটি কর্মকৌশল তৈরি করতে যাচ্ছে। ভবিষ্যতে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করাই হবে এ কর্মকৌশলের লক্ষ্য। এ জন্য সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করবে। তবে আইএলওর ঢাকা দপ্তরের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা যৌথ ঘোষণার প্রতিপাদ্য সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন, কর্মপরিবেশের নিরাপত্তা, ভবনের অবকাঠামোসহ প্রাসঙ্গিক বিষয়গুলো ঘোষণায় উল্লেখ থাকবে। খসড়া যৌথ ঘোষণায় আরও উল্লেখ করা হয়েছে, আইএলওর উপস্থিতিতে বাংলাদেশ সরকার, মালিক ও শ্রমিকপক্ষ কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য অঙ্গীকার করছে। কারখানার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে চলতি বছরের ১ নভেম্বরের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরে ন্যূনতম ২০০ জন পরিদর্শক নিয়োগ দিতে হবে। এটিকে অধিদপ্তরে রূপান্তর করতে হবে ওই সময়ের মধ্যে। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশ উন্নত করার প্রয়াসে বিভিন্ন উন্নয়ন-সহযোগী এবং আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বিখ্যাত ব্র্যান্ডগুলো সহযোগিতা করবে। এদিকে গিলবার্ট হুংবো গতকাল তৈরি পোশাকশিল্পের মালিকসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বাংলাদেশে শ্রমিকের মানোন্নয়ন ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মপরিকল্পনা গ্রহণ করার কথা জানান। মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ)। বিইএফের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে মতিঝিলের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম, নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি আসলাম সানি, বিইএফের সাবেক সভাপতি আনিস উদ দৌলা, কামরান টি রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ। সভায় পোশাকশিল্পের মালিকেরা বিদেশি ক্রেতাদের বাংলাদেশ থেকে সস্তায় পোশাক কেনার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান।