১ নয় ২ মার্চ খুলছে প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয় খোলার সময় এক দিন পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ মার্চ খুলবে দেশের সব প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে এ কথা জানিয়েছে। এর আগে গত শুক্রবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছিলেন ১ মার্চ প্রাথমিক বিদ্যালয় খুলবে। কিন্তু রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১ মার্চ শবে মিরাজ হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ২ মার্চ।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। প্রাথমিকের এই ছুটি এখন ১ মার্চ পর্যন্ত বাড়ল।

তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী মঙ্গলবারেই খুলছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, তারাই কেবল শ্রেণিকক্ষে যাবে। বাকিরা দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত অনলাইন ও টেলিভিশনেই পাঠদান হবে। এখন ক্লাসও হবে স্বল্প পরিসরে।

দেশে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। ফলে এর কম বয়সীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে টিকার বাধ্যবাধকতা নেই।