১ ফেব্রুয়ারি থেকে নিরাপদ খাদ্য আইন কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

অবশেষে নিরাপদ খাদ্য আইন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আইনটি কার্যকর হবে। এ আইন অনুযায়ী খাদ্যে ভেজাল রোধে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার ও ২০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। নিরাপদ খাদ্যের মান নিশ্চিত করতে ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা’ ও ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, আগের অধ্যাদেশ অনুযায়ী অনিরাপদ খাদ্য উৎপাদক, বিক্রেতার বিরুদ্ধে সরাসরি মামলা করা যেত না। এ আইনে মামলা করা যাবে। মন্ত্রী জানান, ‘খাদ্য আদালত’ গঠনে আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মোবাইল কোর্ট আইন ২০০৯-এর তফসিলভুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে নিরাপদ খাদ্য আইনের জন্য ‘নিরাপদ খাদ্য বিধিমালা-২০১৪’ করা হয়েছে। এতে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর দায়ে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। ২০১৩ সালের ৭ অক্টোবর জাতীয় সংসদে নিরাপদ খাদ্য বিল পাস হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ নভেম্বর আইনটি কার্যকর করতে খাদ্য মন্ত্রণালয়কে তিন মাসের সময় বেঁধে দিয়েছিলেন আদালত।

মন্ত্রী জানান, আইনটি কার্যকর করতে তাঁর নেতৃত্বে ৩০ সদস্যবিশিষ্ট খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। ওই কমিটি নিরাপদ খাদ্যবিষয়ক পরিকল্পনা প্রণয়ন ও সংশ্লিষ্টদের পরামর্শ দেবে।

বৈঠকে খাদ্যসচিব মুশফেকা ইকফাৎ ও মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ উপস্থিত ছিলেন।