১ ভোট ২০ হাজার টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচন আজ বুধবার। লক্ষ্মীপুরে নির্বাচনে সদস্যপদে রায়পুর ও রামগঞ্জ উপজেলায় কালোটাকা ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রতি ভোটের জন্য ভোটারদের ২০ হাজার টাকা করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন প্রার্থী জেলা প্রশাসকের কাছে লিখিত ও অপর একজন প্রার্থী মৌখিকভাবে অভিযোগ করেছেন।
রায়পুর উপজেলার তিনটি (৪, ৫ ও ৬ নম্বর) ওয়ার্ডে সদস্যপদে ১৩ জন ও রামগঞ্জের তিনটি (১, ২ ও ৩ নম্বর) ওয়ার্ডে সদস্যপদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা।
নাম প্রকাশ না করার শর্তে ওই দুই উপজেলার ছয়টি ওয়ার্ডের সাতজন ভোটার বলেন, সদস্যপদে ভোট দেওয়ার জন্য তাঁদের ২০ হাজার টাকা করে দেওয়া হয়। তিন-চার দিন ধরে প্রার্থীরা ওই টাকা দিয়ে ভোট দেওয়ার জন্য শপথ করান। নির্দিষ্ট কিছু লোক ভোটার হওয়ায় টাকা দিয়ে ভোট কেনা সহজ হচ্ছে।
৪ নম্বর ওয়ার্ডে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মনজুর হোসেন। তিনি গত রোববার ভোট কেনা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান খানের পক্ষে ভোটারদের টাকা দেওয়া হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতার কার্যালয়ে ভোটারদের ডেকে এনে ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তবে শফিকুর রহমান বলেন, ‘টাকা বিলির অভিযোগ সঠিক নয়। ভোটাররা আমাকে যোগ্যতার কারণেই ভোট দেবেন।’
৬ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী হারুনের রশিদ বলেন, ‘টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি এখন অনেকটা প্রকাশ্য। প্রশাসনও বিষয়টি জানে। কিন্তু এর বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিচ্ছে না। আমিও সোমবার মৌখিকভাবে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছি।’
২ নম্বর ওয়ার্ডের সদস্যপদের প্রার্থী সৈকত মাহমুদ শামছু বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাবেদ হোসেন টাকা দিয়ে ভোট কিনছেন। দুই দিন ধরে তিনি ভোটারদের টাকা দিচ্ছেন। তবে মো. জাবেদ হোসেন বলেন, ‘ভোট কেনার অভিযোগ সঠিক নয়। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীই টাকা দিচ্ছেন বলে ভোটাররা আমাকে জানিয়েছেন।’
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সোহেল সামাদ বলেন, ‘একজন প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। টাকা দেওয়া বা ভয়ভীতি প্রদর্শন আচরণবিধির লঙ্ঘন। বিভিন্ন ওয়ার্ডে এবার আমরাও টাকা বিলির কথা শুনছি। তবে এ নিয়ে কেউ সাক্ষ্য দিতে চান না।’