১ মার্চ উত্তরা ও ৭ মার্চ পূর্বাচলের প্লট দেওয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ মার্চ আনুষ্ঠানিকভাবে উত্তরা তৃতীয় প্রকল্পের প্লট হস্তান্তর শুরু হবে। পূর্বাচল (রূপগঞ্জ) উপশহর প্রকল্পে তা শুরু হবে ৭ মার্চ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।প্রায় দুই মাস সময় ধরে উত্তরায় এক হাজার ৬৬৮টি এবং পূর্বাচলে এক হাজার ৩৩৫টি প্লট বুঝিয়ে দেওয়া হবে বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে। উত্তরা ও পূর্বাচলে রাজউকের সংশ্লিষ্ট প্রকল্পের কার্যালয় এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা উপস্থিত থেকে কিছু প্লট বুঝিয়ে দেবেন। এ ছাড়া পর্যায়ক্রমে নির্ধারিত কয়েকটি তারিখে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্লট বুঝিয়ে দেওয়া হবে। উত্তরায় প্লট বুঝিয়ে দেওয়া হবে ২৬ এপ্রিল পর্যন্ত।রাজউক সূত্র জানায়, যাঁরা প্লটের দখল পাচ্ছেন, তাঁদের নির্ধারিত তারিখে নির্দিষ্ট সময়ে নিজ নিজ প্লটের পাশে থাকতে হবে। প্লটের দখল নেওয়ার আগে তাঁদের পুরো টাকা পরিশোধের প্রমাণপত্র দেখাতে হবে। যেসব গ্রহীতা প্লটের জন্য তৃতীয় বা শেষ কিস্তির টাকা পরিশোধ করেননি, ৩০ এপ্রিলের মধ্যে তা পরিশোধ করলে তাঁদের সুদ দিতে হবে না।প্রসঙ্গত, আবেদন করার প্রায় ১৪ বছর পর উত্তরা তৃতীয় প্রকল্পে এবং ১০ বছর পর পূর্বাচল উপশহর প্রকল্পের (রূপগঞ্জ) প্লট বুঝিয়ে দেওয়া হচ্ছে।রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, নানা পটপরিবর্তনের কারণে প্রকল্প এলাকার উন্নয়ন ও প্লট প্রস্তুত করতে সময় লেগেছে।